আইপ্যাড মিনির দিন ফুরাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপ্যাড মিনি ৩
আইপ্যাড মিনি ৩

নতুন আইপ্যাড বাজারে ছাড়ার এক মাসও পার হয়নি অথচ এরই মধ্যে প্রযুক্তিবিশ্বে অ্যাপলের নতুন পণ্য নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। তাইওয়ানের ইকোনমিক ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর থেকে অ্যাপল আর ৭.৯ ইঞ্চি মাপের আইপ্যাড মিনি উৎপাদন করবে না। এর পরিবর্তে অ্যাপল আইপ্যাড প্রো-মডেলের দিকেই বেশি গুরুত্ব দেবে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, নতুন পণ্যের এই গুজব যদি সত্যি হয়, তবে আইপ্যাড মিনি ৩ হবে অ্যাপলের ছোট মাপের স্ক্রিনের সর্বশেষ ট্যাব। এ গুজব সত্যি হওয়ার কারণ আছে বলেও মনে করছেন তাঁরা। আইপ্যাড মিনির আগের সংস্করণের তুলনায় সর্বশেষ সংস্করণে বিশেষ কিছু উন্নতি করেনি অ্যাপল। এ ছাড়া আইপ্যাড মিনির প্রতিদ্বন্দ্বিতা এখনো বেড়ে গেছে। বড় মাপের আইপ্যাড এয়ারের পাশাপাশি অ্যাপলের হালকা-পাতলা ও বড় মাপের স্মার্টফোন আইফোন৬ প্লাসও এখন আইপ্যাড মিনির প্রতিদ্বন্দ্বী।

ওই প্রতিবেদনে আইপ্যাড প্রো প্রসঙ্গে বলা হয়েছে, এই ট্যাবে থাকবে ১২.২ ইঞ্চি মাপের ডিসপ্লে। এটি হবে আইফোনের মতো হালকা-পাতলা। এ ছাড়া এতে অতিরিক্ত দুটি স্পিকার ও এর ওপরের দিকে একটি মাইক্রোফোন লাগানো থাকবে।
বাজার গবেষকেরা ধারণা করছেন, ব্যবসায়ীদের লক্ষ্য করে আইপ্যাড প্রো বাজারে আনতে পারে অ্যাপল। বড় মাপের স্ক্রিনযুক্ত এই ট্যাবে যাতে ম্যাকবুক এয়ার পিসির মতো কাজ করা যায়, সেসব ফিচার থাকবে।
আইপ্যাডের বিক্রি আরও বাড়াতে এবং মাইক্রোসফটের সারফেস ট্যাবকে পেছনে ফেলতেই আইপ্যাড মিনির পরিবর্তে আইপ্যাড প্রোর দিকে অ্যাপল ঝুঁকবে বলেই বিশ্লেষকেরা ধারণা করছেন।