আইপ্যাড ম্যাক্সি!

যারা বড় আকারের ট্যাবলেট পছন্দ করেন তাঁদের জন্য সুসংবাদই বলা চলে। ১২ দশমিক ৯ ইঞ্চি মাপের একটি হালকা-পাতলা আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল। এ ট্যাবলেটটির নাম হতে পারে ‘আইপ্যাড ম্যাক্সি’। কোরিয়ার প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ইটি নিউজডটকমের বরাতে এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি।
আলট্রাবুক বা হালকা-পাতলা ল্যাপটপগুলোর সঙ্গে বাজারে প্রতিযোগিতা করতেই বড় মাপের হালকা-পাতলা ট্যাবলেট বাজারে আনতে পারে অ্যাপল। ২০১৪ সালের প্রথম প্রান্তিকে বড় মাপের ট্যাবলেট বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।
ডিজিটাল পাঠ্যবই ও শিক্ষা উপকরণ হিসেবে এ ট্যাবলেট ব্যবহূত হতে পারে। কোরিয়া-ভিত্তিক ডিসপ্লে নির্মাতাদের সূত্রে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এদিকে বাজার গবেষকেরা জানিয়েছেন, চলতি বছরে হালকা পাতলা মডেলের ৯.৭ ইঞ্চি মাপের নতুন সংস্করণের আইপ্যাডের সঙ্গে আইপ্যাড মিনির নতুন সংস্করণের ঘোষণা দেবে অ্যাপল।
এক সময়ের ট্যাবলেট বাজারের জনপ্রিয় আইপ্যাড কে বর্তমানে অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। প্রতিদ্বন্দ্বীতার ট্যাবলেট বাজারে মাইক্রোসফটও উঠে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।