আইপ্যাড ৩-এর মুখোমুখি গ্যালাক্সি এস ৩
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের আইপ্যাড ৩ বাজারে আসার পরপরই প্রতিদ্বন্দ্বী ইলেকট্রনিক পণ্যনির্মাতা স্যামসাং তাদের গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটি আনতে পারে। দীর্ঘদিন ধরেই এ ডিভাইস দুটি নিয়ে সবার কৌতূহল রয়েছে। একখবরে সিনেট জানিয়েছে, মার্চ মাস নাগাদ বাজারে আসতে পারে আইপ্যাড ৩। আর এপ্রিল মাস নাগাদ বাজারে আসতে পারে গ্যালাক্সি সিরিজের নতুন অতিথি-এস ৩।প্রযুক্তিনির্মাতা অনেক প্রতিষ্ঠানই তাদের পণ্যের ঘোষণা দেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। কিন্তু পণ্যের জন্য নিজস্ব অনুষ্ঠানের আয়োজন করে অ্যাপল। জানা গেছে, পণ্য বাজারে ছাড়া উপলক্ষে এবার অ্যাপলের মতো স্যামসাংও এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারে। আর সে আয়োজনটি হবে অ্যাপলের অনুষ্ঠানের পরপরই। সে অনুষ্ঠানেই গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে স্যামসাং।২২ মার্চ ফ্রান্সে এক প্রেস কনফারেন্সের আয়োজন করেছে স্যামসাং কর্তৃপক্ষ। স্যামসাংয়ের এক কর্মকর্তার বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নেক্সট ওয়েব এ তথ্য দিয়েছে। তবে ২২ মার্চের এ আয়োজনে গ্যালাক্সি এস ৩-এর ঘোষণা নাও দিতে পারে স্যামসাং।গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটিতে থাকতে পারে সুপার অ্যামোলিড এইচডি ডিসপ্লে। ৪.৬৫ মাপের স্ক্রিনের আইসক্রিম স্যান্ডউইচচালিত এ স্মার্টফোনটি হবে মাত্রই ৭ মিলিমিটার পুরুত্বের।এর আগে স্যামসাংয়ের একটি অনুষ্ঠান থেকে গ্যালাক্সি এস ৩-এর তথ্য ফাঁস হয়েছিল। সে তথ্য অনুসারে এস ৩ ডিভাইসটিতে থাকবে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ১.৮ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর ও ২ গিগাবাইট র্যাম সুবিধা।