আইপ্যাড: অ্যাপলের নতুন চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের চেয়েও বেশি কিছু, আবার ল্যাপটপ কম্পিউটারও নয়; আইপ্যাড অ্যাপলের তৃতীয় প্রজন্মের নতুন যন্ত্রসঙ্গী। গত বুধবার যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী স্টিভ জবস বিশ্ববাজারে পরিচয় করিয়ে দেন বহু প্রত্যাশিত, বহুল আলোচিত এই ট্যাবলেট কম্পিউটারটিকে। এমন একটি ট্যাবলেট পিসি আনতে যাচ্ছে অ্যাপল, যা আলোচিত হচ্ছিল অনেক দিন ধরেই। তবে জবস সবচেয়ে বড় চমকটি দেন এর দামের কথা বলে। সর্বশেষ প্রযুক্তির নানামাত্রিক সুবিধাসম্পন্ন এই ট্যাবলেট পিসির দাম শুরু হবে মাত্র ৪৯৯ ডলারে! আগামী দুই মাসের মধ্যে আইপ্যাড বাজারে ছাড়ার কথা ভাবছে অ্যাপল। আইপ্যাড সম্পর্কে স্টিভ জবস বলেন, ‘এটি যেমন ল্যাপটপের চেয়ে অনেক বেশি আন্তরিক, তেমনি স্মার্ট ফোনের চেয়ে অনেক বেশি সমর্থ।’আধা ইঞ্চি পুরুত্বের আইপ্যাডের সঙ্গে আইফোনের সাদৃশ্য আছে। মাত্র দেড় পাউন্ড এর ওজন।এতে ৯.৭ ইঞ্চির স্পর্শকাতর (টাচস্ক্রিন) পর্দা আছে। আছে ১৬, ৩২ কিংবা ৬৪ গিগাবাইটের মেমোরি, তারহীন যোগাযোগের ওয়াই-ফাই ওব্লুটুথ সংযুক্তি। একবার পূর্ণ চার্জ করলে এতে টানা ১০ ঘণ্টা কাজ করা যায়, কাজ না করলে (স্ট্যান্ডবাই) চালু থাকে অন্তত এক মাস। —এপি অবলম্বনে জাবেদ সুলতান