আইপ্যাডে ছবি তোলা যাবে না বিল গেটসের! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল আর মাইক্রোসফট প্রতিদ্বন্দ্বী দুই প্রতিষ্ঠান। তাই বলে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস দম্পতির ছবি তুলতেও অ্যাপলের তৈরি আইপ্যাড ব্যবহার করা যাবে না? সম্প্রতি লন্ডনে এক ভক্ত আইপ্যাডে বিল আর মেলিন্ডা গেটসের ছবি তুলতে গেলে এ নিয়ে কৌতুক করতে ছাড়েন নি মেলিন্ডা গেটস। এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি। লন্ডন ২০১২ সামার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসেছিলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর সহধর্মিনী মেলিন্ডা। লন্ডনে তাঁদের চলার পথে বেশ কয়েকজন ভক্ত বিল ও মেলিন্ডার ছবি তোলার জন্য আবদার করলে রাজি হন তাঁরা। কিন্তু ছবি তোলার জন্য এক ভক্ত আইপ্যাড বের করলে মেলিন্ডা হঠাত্ই বলে ওঠেন- ‘আইপ্যাডে আমাদের কোনো ছবি তোলা যাবে না।’ মেলিন্ডার আকস্মিক এ বক্তব্যে ভক্ত আলোকচিত্রী খানিক দমে গেলে মেলিন্ডা তাঁকে অভয় দেন যে, তিনি স্রেফ মজা করছিলেন। তাঁর এ কথায় হাঁফ ছেড়ে বাঁচেন সেই ভক্ত। বলাই বাহুল্য, শেষতক অ্যাপলের আইপ্যাডেই ছবি ওঠে মাইক্রোসফট পরিবারের!