আইপ্যাডে প্রাকৃতিক সপ্তাশ্চর্য
অ্যাপলের নতুন চমক আইপ্যাড নামের ট্যাবলেট কম্পিউটারের আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের প্রচারণা চালানো হয়। গত বুধবার ক্যালিফোর্নিয়ায় বহু প্রতীক্ষিত আইপ্যাডের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপল কম্পিউটারের বিশ্বব্যাপী পণ্য বিপণনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার চমকপ্রদ নতুন এ যন্ত্রের মাধ্যমে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইপ্যাডে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের বিভিন্ন বিষয় ও ভোট দেওয়ার বিষয় নিয়ে বিশেষ সফটওয়্যার থাকবে। আইপ্যাডে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের উদ্বোধনী ভিডিওচিত্র দেখা যাবে ইউটিউবে (www.youtube.com/new7Wondersofnature)। সুইজারল্যান্ডের জুরিখভিত্তিক নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন ২০০৭ সালের জুলাই মাসে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়া শুরু করে। ইন্টারনেট ও টেলিফোন ভোট এবং বিচারকদের রায়ের ভিত্তিতে গত বছরের ২১ জুলাই ২৮টি স্থান এ নির্বাচনের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে। এ ২৮টি স্থানের একটি হচ্ছে সুন্দরবন। এখন চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ চলছে। ভোট দেওয়া যাবে www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে। আগামী বছরের মাঝামাঝি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। —নিজস্ব প্রতিবেদক