আইপ্যাডে পড়া যাবে সংবাদপত্র
স্পর্শকাতর পর্দার প্রযুক্তি সুবিধাসহ আইপ্যাডে সংবাদপত্র পড়ার প্রোগ্রাম তৈরি করবে অ্যাপল। নতুন এ প্রোগ্রামটি গান শোনার সফটওয়্যার আইটিউনসের মতোই হবে বলে জানা গেছে। নতুন এই প্রোগ্রামটির সম্ভাব্য নাম আইনিউজপেপার। আইনিউজপেপার দেখতে আইবুক স্টোরের মতোই হবে। তবে কেবল আইপ্যাড ও সংবাদপত্র পড়ার জন্য আলাদাভাবে এই প্রোগ্রাম চালু হচ্ছে। অনেকটা আলাদাভাবে এ প্রোগ্রামটি তৈরি করা হচ্ছে, যা সহজে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে খুঁজে পাওয়া যাবে। প্রোগ্রামটি তৈরিতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে আইপ্যাড উপযোগী সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদির ডিজিটাল সংস্করণ তৈরি করা যাবে। তবে শুধু লেখাই নয়, ডিজিটাল সংস্করণে উচ্চমানের ছবি ও ভিডিও এতে রাখা যাবে বলে জানা গেছে। প্রযুক্তিগবেষক বেন উড বলেন, ‘এ ধরনের বিভিন্ন সফটওয়্যার তৈরিতে অ্যাপল সিদ্ধহস্ত। তাই আমি বিশ্বাস করি, আগের মতোই আইনিউজপেপারটিও জনপ্রিয়তা পাবে।’তবে শুরুতে এই সেবাটি যুক্তরাষ্ট্রেই থাকছে। এর আগে অ্যাপল গান শোনার সফটওয়্যার আইটিউনস বাজারে আসার পরই ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর সংবাদপত্র পড়ার সুবিধা নিয়ে চালু হওয়া আইনিউজপেপারের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। —দি টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী