আইপ্যাডে ‘অফিস’ আসবে না
আইপ্যাডে অফিস আসছে—এমন গুজব চাউর হলেও মাইক্রোসফটের এক মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, আপাতত আইপ্যাডে মাইক্রোসফটের অফিস সফটওয়্যারটি আর আসছে না। তিনি এ-বিষয়ক গুজবে কান না দিতেই পরামর্শ দিয়েছেন। নিউইয়র্ক টাইমস এক খবরে এ তথ্য দিয়েছে।শিগগিরই অ্যাপলের আইপ্যাডে মাইক্রোসফট অফিস আসছে, এক খবরে এ তথ্য দিয়েছিল প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ডেইলি। সঙ্গে ফাঁস করেছিল আইপ্যাডে মাইক্রোসফট অফিসের স্ক্রিনশটও। এ নিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিম্যাগসহ আরও কয়েকটি প্রযুক্তি সাইটও খবর ছেপেছে।কোনো গুজবে সাধারণত মুখ খোলে না মাইক্রোসফট বা অ্যাপল। কিন্তু এবার মাইক্রোসফট কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খুলেছে। মাইক্রোসফট জানিয়েছে, অ্যাপলের তৈরি আইপ্যাডে তাদের অফিস সফটওয়্যারটি আসছে—চাউর হওয়া এমন গুজবে কান দেবেন না।দ্য ডেইলির তথ্য ফাঁসের পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক টাইমসকে মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, ‘দ্য ডেইলিতে ফাঁস হওয়া খবরটি গুজব ও অনুমান-নির্ভর। এ ছাড়া আমরা আর কোনো মন্তব্য করছি না। আইপ্যাডের জন্য দ্য ডেইলিতে ফাঁস হওয়া আইপ্যাডে মাইক্রোসফট অফিসের নামে যে ছবিটি দেওয়া হয়েছে, সে ছবিও মাইক্রোসফটের তৈরি সফটওয়্যারের নয়।’এদিকে আইপ্যাডে মাইক্রোসফটের তৈরি ওয়ান নোট নামে একটি অ্যাপ্লিকেশন যোগ হওয়ার ফলে গুজব ছড়িয়েছিল যে অ্যাপলের পণ্যে কর্তৃপক্ষ ক্রমেই মাইক্রোসফটের অফিস সফটওয়্যারটি যোগ করবে। কিন্তু মাইক্রোসফট স্পষ্টভাবে তা অস্বীকারই করল।অবশ্য নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেটে তাদের অফিস সফটওয়্যারটি যোগ হবে বলেই জানিয়েছে মাইক্রোসফট।এদিকে আইপ্যাডে মাইক্রোসফটের সফটওয়্যারের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে তোলপাড় উঠলেও একেবারে মুখ বন্ধ রেখেছে অ্যাপল। উল্লেখ্য, বর্তমানে আইপ্যাডে মাইক্রোসফট অফিসের বিকল্প কিছু সফটওয়্যার আছে। যার সহায়তায় ব্যবহারকারীরা চাইলে অফিসের কাজগুলো চালিয়ে নিতে পারবেন।