আইপ্যাডের নামে ঠিকানা চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের জনপ্রিয় আইপ্যাডের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক এবং তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের সাইট টুইটারের ঠিকানা চুরি হচ্ছে। ফ্রি আইপ্যাড নামের একটি প্রোগ্রামের কথা বলে এ চুরির কাজটি হচ্ছে বলে জানা গেছে। আইপ্যাড ও আইফোনের মাধ্যমে ফেসবুকে সহজে ছবি আপলোডের পদ্ধতি দেখানো হয়, যেখানে ব্যবহূত ঠিকানা ও গোপন নম্বর দিতে বলা হয়। এর পরই ছবি আপলোড করা হলে কিছু সময়ের জন্য ওই ছবি দেয়ালে দেখাও যায়। তবে এরপর আর ওই ছবি পাওয়া যায় না। এ ব্যাপারে কয়েক হাজার লেখা বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীর দেয়ালে পোস্ট করা হয়েছে। ছবি আপলোডের পর এক ধরনের বিশেষ কোডও লিখতে বলা হয়, যা ফেসবুকের নিজস্ব কোনো কোড নয়। তবে এ ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের কোন পোস্টে ব্যবহারকারীর নাম ও গোপন নম্বর না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে কাজ চলছে। একই অবস্থা চলছে টুইটারেও। টুইটারে বলা হচ্ছে, কম দামে আইপ্যাড পাওয়ার পাশাপাশি টুইটারে পোস্ট করা যাবে সহজে। সেখানেও টুইটার ঠিকানা ও গোপন নম্বর দেওয়ার কথা বলা হয়। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সপসের জ্যেষ্ঠ প্রযুক্তি-পরামর্শক গ্রাহাম কুলি বলেন, সামাজিক যোগাযোগের সাইটগুলোতে যে ধরনের সেবার কথা বলা হয়, তার বেশির ভাগই তৃতীয় পক্ষের তৈরি করা। এসব প্রোগ্রাম ব্যবহারের ক্ষেত্রে বোঝা মুশকিল, কোন প্রোগ্রামগুলো অনুমোদিত কিংবা ভালো। তবে এসব প্রোগ্রাম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোনোভাবেই ব্যবহারকারী নাম ও গোপন নম্বর দেওয়া ঠিক না বলে জানান তিনি। —গার্ডিয়ান অবলম্বনে নুরুন্নবী চৌধুরী