আইপ্যাডের প্রতিদ্বন্দ্বী ব্ল্যাকপ্যাড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাকবেরির প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন লিমিটেড (রিম) আগামী সপ্তাহের গোড়ার দিকে তার নতুন ট্যাবলেট কম্পিউটারের উদ্বোধন করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সানফ্রানসিকোতে অনুষ্ঠেয় প্রযুক্তিপণ্যের এক মেলায় এর উদ্বোধন করা হবে। রিসার্চ ইন মোশন লিমিটেডের অনেকেই নতুন এই ট্যাবলেট কম্পিউটারের নাম দিয়েছে ব্ল্যাকপ্যাড। তবে নামটি এখনো নিশ্চিত করা হয়নি।এই ট্যাবলেট পিসির রয়েছে ৭ ইঞ্চির স্পর্শকাতর পর্দা (টাচ স্ক্রিন) ও ক্যামেরা। এতে থাকবে তারহীন ব্লু-টুথ ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। তবে এটি কেব্ল সেলুলার নেটওয়ার্কে সংযোগ করা যাবে। এতে ব্ল্যাকবেরিতে ব্যবহূত অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়নি। ব্যবহূত হয়েছে কিউএনএক্স অপারেটিং সিস্টেম। এই সফটওয়্যার গাড়ি থেকে শুরু করে পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। আরআইএম জানায়, চলতি বছরের গোড়ার দিকে তারা কিউএনএক্স সফটওয়্যার সিস্টেম কেনে। এই সফটওয়্যার ব্ল্যাকপ্যাডের গতি বাড়িয়ে দেবে বলে আশা করছে রিম। প্রতিষ্ঠানটি ব্ল্যাকবেরিতেও কিউএনএক্স অপারেটিং সিস্টেম চালু করার চিন্তাভাবনা করছে। আরআইএমের জন্য ব্ল্যাকপ্যাড তৈরি করে দিয়েছে তাইওয়ানের কোয়ান্টা কম্পিউটার ইনকরপোরেশন। মূলত অ্যাপলের আইপ্যাডকে হারিয়ে দেওয়ার জন্য আরআইএম এই ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছে। তারা সফল হবে কি না, তা আর কয়েক দিন পরই জানা যাবে। —ওয়াল স্ট্রিট জার্নাল অবলম্বনে রোকেয়া রহমান