আইফোন জাতীয় নিরাপত্তায় হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের তৈরি আইফোনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন সিসিটিভি। দাবি করা হয়, ‘স্মার্টফোন বিশেষ করে আইফোনের মাধ্যমে চীনের ব্যবহারকারীদের অবস্থান নির্ণয়ের ওপর নজরদারি করা হয়ে থাকে। কাজটি করা হয় আইফোনের ফ্রিকোয়েন্ট লোকেশনস নামের সুবিধার মাধ্যমে।’
টেলিভিশনটিতে এই বিষয় নিয়ে বিশেষ এক অনুষ্ঠানে একজন গবেষক দাবি করেন, ‘এটা একেবারে গ্রাহকের ব্যক্তিগত অবস্থানের কথা ফাঁস করে দেয়। যা একটি দেশের জন্যও হুমকি।’ তবে অ্যাপল জানিয়েছে, আইফোনের মাধ্যমে এমন কোনো কাজই করা হয় না। এ ছাড়া অ্যাপল এখন পর্যন্ত কোনো দেশের কোনো সংস্থার সঙ্গে মিলেও এমন কোনো গুপ্তচরবৃত্তি করেনি। যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় বৃহত্তম বাজারের ব্যাপারে সব সময়ই সতর্ক থাকে অ্যাপল। আর তাই দাবি করা হয়, নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষার ক্ষেত্রেও এমন কিছু করে না প্রতিষ্ঠানটি।
ফ্রিকোয়েন্ট লোকেশনসের ব্যাপারে অ্যাপল একটি ব্যাখ্যা দিয়েছে। এতে বলা হয়, আইফোনের গ্রাহকদের সাম্প্রতিক অবস্থানকে নির্ণয় করা যায়। এ ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারী কখন, কোথায় থাকেন সেসব তথ্য জানা সম্ভব। তবে এ তথ্য কেবল ব্যবহারকারীর যন্ত্রেই থাকে। ব্যবহারকারীর অনুমতি ছাড়া তা কাউকে সরবরাহ করা হয় না। এটি সম্পূর্ণ ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত সেবা বলেও দাবি করা হয়। চীন সরকারের এমন আচরণ ঠিক নয় বলেও বিবৃতিতে বলা হয়।
—দ্য টেলিগ্রাফ ও সিনেট অবলম্বনে কাজী আলম