আইফোন বিক্রি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন
আইফোন

গত তিন মাস অ্যাপলের খুব ভালো যায়নি। বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন—এই তিন মাসে অ্যাপলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন বিক্রি কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির মুনাফা কমে গেছে। শুধু তা-ই নয়, আগামী প্রান্তিকও অ্যাপলের ভালো যাবে না বলে পূর্বাভাস দিচ্ছেন প্রতিষ্ঠানটি কর্মকর্তারা।
তবে পূর্বাভাসের চেয়ে ভালো করায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে। এতে বিনিয়োগকারীরা যথেষ্ট ভরসা পাচ্ছেন।
বাজারমূল্যের বিবেচনায় বিশ্বের শীর্ষ কোম্পানি এখন অ্যাপল। গতকাল মঙ্গলবার প্রান্তিক আয় ঘোষণার সময় অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ জুন শেষ হওয়া প্রান্তিকে তারা ৪ কোটি ৪ লাখ আইফোন বিক্রি করেছে, যা গত বছরের তৃতীয় প্রান্তিকের চেয়ে কম। গত বছরের তৃতীয় প্রান্তিকে ৪ কোটি ৭৫ লাখ আইফোন বিক্রি হয়েছিল। এ ছাড়া চলতি বছরের মার্চ মাসে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকের চেয়েও এবার কম আইফোন বিক্রি হয়েছে।

প্রান্তিকের হিসেবে আইফোন বিক্রি কমলেও বাজার বিশ্লেষকেদের পূর্বাভাসের চেয়ে বেশি আইফোন বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ফ্যাক্টসেট। বাজার গবেষকেরা পূর্বাভাসে বলেছিলেন, তৃতীয় প্রান্তিকে চার কোটি আইফোন বিক্রি হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, ‘প্রান্তিক ফলাফলে বেশ কটি উৎসাহজনক চিহ্ন লক্ষ করা গেছে। বিক্রির তথ্য যা দেখাচ্ছে, আসলে তার চেয়ে আইফোনের চাহিদা বেশি ছিল। আমাদের প্রত্যাশার চেয়েও ভালো ফল দেখানোয় আমরা আশ্চর্য হয়েছি।’

অ্যাপলের প্রধান আর্থিক কর্মকর্তা লুকা মায়েস্ত্রি বলেন, ‘এ প্রান্তিকের শুরুতে আমরা যা ধারণা করেছিলাম, গ্রাহক চাহিদা তার চেয়ে অনেক বেশি ছিল। আমরা আইফোন এসই মডেলের মতো স্মার্টফোনের চাহিদা মেটাতে পারিনি। পরের প্রান্তিকে আমরা যথেষ্ট সরবরাহ রাখতে পারব।’

বাজার বিশ্লেষকেরা বলছেন, আইফোন এসই মডেলটির মতো সাশ্রয়ী মূল্যের আইফোন বাজারে ছাড়লেও মোট স্মার্টফোন ব্যবসার ব্যর্থতা ঢাকতে পারেনি অ্যাপল। বিশেষ করে চীনের বাজারে আইফোনের চাহিদা কমে যাওয়া এবং স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের স্মার্টফোনের মডেল পরিবর্তন না করায় আইফোন বিক্রি বাড়েনি। টিম কুক চীনের আর্থিক অনিশ্চয়তার বিষয়টিকে দেশটিতে ২ শতাংশ আইফোন বিক্রি কমে যাওয়ার জন্য দায়ী করেন। তবে আগামী প্রান্তিকে চীনের বাজারে ঘুরে দাঁড়াবে অ্যাপল, এমন আশাও করেন তিনি।

আইফোনের চাহিদা কমে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে অন্যান্য স্মার্টফোনের জনপ্রিয়তা বৃদ্ধির বিষয়টি। চীনের হুয়াওয়ে ব্র্যান্ড বৈশ্বিক স্মার্টফোন বাজারে গ্রাহক আকর্ষণ করছে। হুয়াওয়ে ঘোষণা দিয়েছে, এ বছর ১৪ কোটি স্মার্টফোন বিক্রি করবে তারা, যা গত বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি।

চীনের বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে অ্যাপল এখন ভারতের বাজারের দিকে ঝুঁকছে। এ বছর ভারতের বাজারে অ্যাপলের মুনাফা ৫১ শতাংশ বেড়েছে। তথ্যসূত্র: আইবিটাইমস।