গুগলের মানচিত্রের চেয়ে আইফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে অ্যাপলের নিজস্ব মানচিত্র। সম্প্রতি অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোনে গুগল মানচিত্রের চেয়ে তিন গুণ বেশি ব্যবহার করা হয় অ্যাপলের মানচিত্র। তিন বছর আগে শুরু হওয়া অ্যাপল মানচিত্রটি শুরুতে গুগল মানচিত্রের সঙ্গে টিকে থাকবে কি না সেটি নিয়েই ছিল নানা আলোচনা। তিন বছর পরের তথ্য অনুযায়ী আইফোনে প্রতি মাসে অ্যাপল মানচিত্র ব্যবহার হচ্ছে ৫০০ কোটি বার। ২০১২ সালে অ্যাপলের মানচিত্র সেবাটি চালুর পর থেকে নানা ধরনের ত্রুটি (বাগ) দেখা দেওয়ায় এ নিয়ে সমালোচনার মুখে পড়ে অ্যাপল কর্তৃপক্ষ। আইওএস ৬ উপযোগী করে তৈরি করা অ্যাপল মানচিত্র সে সময়ে ক্যাটালগ এরর, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর এবং নানা গুরুত্বপূর্ণ সড়কের তথ্য পাওয়ার ক্ষেত্রে মানচিত্রটি ছিল অনেকটাই অসম্পূর্ণ। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় নতুনভাবে সেবা যুক্ত করার উদ্যোগ নিতে অ্যাপলের সফটওয়্যার বিভাগের প্রধান স্কট ফস্টলকে দায়িত্ব দেন প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।
এতেই মিলেছে সফলতা। তিন বছর পর বর্তমানে সারা বিশ্বেই উন্নত সেবা দিয়ে এগিয়ে যাচ্ছে অ্যাপল মানচিত্র। আর তাতেই আগামী দিনে গুগল মানচিত্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে অ্যাপল মানচিত্রটি বলে জানিয়েছে গবেষণাপ্রতিষ্ঠান বোস্টন গ্লোব। গত তিন বছরে অ্যাপল মানচিত্রে বড় ধরনের বিনিয়োগ করেছে অ্যাপল কর্তৃপক্ষ। এতেই গণপরিবহন-ব্যবস্থা, রাস্তার বিস্তারিতসহ মানচিত্রে যা যা সেবা থাকে, সব ধরনের সেবাই যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপলের পণ্য বিপণন বিভাগের প্রধান গ্রেগ জোসউইক বলেন, ‘আমরা দ্রুত শেখার বিষয়ে যেমন কাজ করছি, তেমনি দ্রুত যেকোনো সমস্যার সমাধানের ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছি। এসব বিষয়ে আমাদের সবচেয়ে আগে মাথায় থাকে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়টি।’ দ্য টেলিগ্রাফ