আইফোন আনলেই মামলা করবে স্যামসাং
অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার পেটেন্ট-বিষয়ক মামলা এবার নতুন পণ্যের দিকে গড়াচ্ছে। অ্যাপলের নতুন আইফোন বাজারে এলেই মামলা করার প্রস্তুতি নিয়েছে স্যামসাং। এর আগে ৩১ আগস্ট স্যামসাং ‘গ্যালাক্সি এস ৩’ অ্যাপলের পেটেন্ট ভঙ্গ করেছে এমন অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে অ্যাপল। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।অ্যাপলের নতুন আইফোনে লংটার্ম এভল্যুশনারি টেকনোলজি (এলটিই) বা চতুর্থ প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক-প্রযুক্তি যুক্ত করলে স্যামসাং কর্তৃপক্ষ মামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছে কোরিয়া টাইমস।বর্তমানে এলটিই-সংক্রান্ত পেটেন্টের ১৮.৯ শতাংশ নকিয়ার দখলে। স্যামসাংয়ের দখলে ১২ শতাংশ ফোরজি-সংক্রান্ত প্রযুক্তির পেটেন্ট। এরই মধ্যে আইপ্যাড ৩ ট্যাবলেটে ফোরজি পেটেন্ট যুক্ত করেছে অ্যাপল। তবে অ্যাপল অপেক্ষা করছে নতুন সংস্করণের আইফোনের জন্য। খবর রটেছে, অ্যাপল শিগগিরই ফোরজি প্রযুক্তির আইফোন বাজারে আনবে।২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আদালত রায় দিয়েছেন, অ্যাপলের আইফোন ও আইপ্যাডের বেশ কিছু পেটেন্ট লঙ্ঘন করেছে স্যামসাং। আদালত স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানা করেছেন। যুক্তরাষ্ট্রে স্যামসাং পণ্যের বিক্রিতে নিষেধাজ্ঞাসংক্রান্ত শুনানি হবে ৫ ডিসেম্বর। তবে প্রযুক্তিবিশ্লেষকেরা বলছেন, তার আগেই বাজারে আসবে অ্যাপলের নতুন আইফোন। স্যামসাং এ পণ্যের জন্যই মামলা করার অপেক্ষায়।