আইফোন উন্মাদনা চলছে

অ্যাপল-ভক্তদের জন্য আজ বিশেষ আনন্দের একটি দিন। নতুন মডেলের আইফোন ছুঁয়ে দেখার সৌভাগ্য হবে অনেকের। আজ থেকে অ্যাপল স্টোরে বিক্রি শুরু হয়েছে নতুন দুটি মডেলের আইফোন ৬।
১৯ সেপ্টেম্বরের তারিখটিকে অনেকেই ক্যালেন্ডারে বৃত্ত দিয়ে রেখেছিলেন। ১২ সেপ্টেম্বরে যাঁরা আইফোন ৬ বা ৬ প্লাস কেনার জন্য আগাম ফরমায়েশ (প্রি-অর্ডার) দিয়ে রেখেছিলেন, তাঁদের পাশাপাশি অনেকেই অ্যাপল স্টোরের বাইরে তাঁবু পেতে কয়েক দিন ধরেই অপেক্ষায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ সকাল আটটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) অ্যাপল স্টোরের দরজা খুলবে।
ইতিমধ্যে জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও ফ্রান্সে অ্যাপল অনেকরে হাতেই পৌঁছে গেছে আইফোন ৬। স্টোরের সামনে ছিল লম্বা লাইন।
অবশ্য অ্যাপল বলেছে, স্টোরগুলোতে আজকের জন্য সীমিত সংখ্যক আইফোন সরবরাহ করা হয়েছে।
৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে ৪.৭ ও ৫.৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত দুটি আইফোনের ঘোষণা দেন টিম কুক। আইফোন বিক্রির জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হলে প্রথম দিনেই চল্লিশ লাখ ইউনিটের বেশি প্রি-অর্ডার পেয়েছে অ্যাপল।

নতুন আইফোন ৬ এবং ৬ প্লাস পাওয়া যাবে ১৬, ৬৪ ও ১২৮ গিগাবাইট সংস্করণে। আইফোন ৬-এর ১৬, ৬৪ ও ১২৮ গিগাবাইটের দাম পড়বে ১৯৯, ২৯৯ ও ৩৯৯ ডলার এবং আইফোন ৬ প্লাস-এর ১৬, ৬৪ ও ১২৮ গিগাবাইটের দাম পড়বে ২৯৯, ৩৯৯ ও ৪৯৯ ডলার। দুটি মডেলের ফোন সোনালি, রুপালি ও ধূসর এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
আজকে যাঁরা নতুন আইফোন হাতে পেয়েছেন তাঁরা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারেন। আর যাঁরা আজ নতুন ফোন হাতে পাননি তাঁরা কয়েকটি বিষয় জেনে নিতে পারেন। সম্প্রতি অ্যাপল আইওএস৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে। আইফোন ৬ ও ৬ প্লাসে এই সংস্করণটি ইনস্টল করা থাকবে।
তবে আইফোনের পুরোনো কয়েকটি সংস্করণে এই সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। নতুন এই সফটওয়্যারটিকে সবচেয়ে বড় পরিবর্তন বলে দাবি করেছে অ্যাপল। এতে নতুন বেশ কিছু আপডেটের মাধ্যমে মেসেজ অ্যাপ, নোটিফিকেশন, ফটো, কি-বোর্ডের সুবিধা বাড়িয়েছে অ্যাপল। এর মধ্য দিয়ে আপনার পুরোনো আইফোনকেও নতুনভাবে অনুভব করতে পারেন।