আইফোন ও আইপ্যাড নিরাপত্তায় যা করবেন

প্রযুক্তিপণ্য ব্যবহারের নিরাপত্তার দিক বিবেচনায় অ্যাপলের আইওএসনির্ভর পণ্য বেশ জনপ্রিয়। অ্যাপলের নজরদারির পর প্রতিটি অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর আওতায় আসে বলে অ্যাপ স্টোরের নিরাপত্তাও বেশি। কিন্তু তাই বলে এসব ডিভাইসকে একেবারেই নিরাপদ ভাবার কোনো কারণ নেই। কিছু বাড়তি সতর্কতা না থাকলে এত কিছুর পরও আপনার ডিভাইসটি অনিরাপদ থাকতে পারে। আপনার আইওএসনির্ভর পণ্যটির নিরাপত্তা বাড়াতে প্রযুক্তি গবেষকদের দেওয়া কিছু পরামর্শ কাজে লাগতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
লকস্ক্রিন পিন চালু করুন
আইফোন বা আইপ্যাড হাতে পাওয়ার পর প্রথম যে কাজটি করা উচিত তা হলো, লকস্ক্রিন পিন চালু করা। এতে করে আপনার বন্ধুবান্ধব কিংবা আশপাশের কেউ পণ্যটি ধরেই আনলক করে ফেলতে পারবেন না। সাধারণত আইওএসে সোয়াইপ করার মাধ্যমে আনলক করা হয়ে থাকে। কিন্তু আপনি সহজেই কয়েকটি ধাপে পিন দিয়ে লক করে ফেলতে পারবেন। এতে করে স্ক্রিন লক করার পর প্রতিবার আনলক করতে আপনার পিন দিতে হবে। আইওএসে লকস্ক্রিনের পিনকে পাসকোড বলা হয়ে থাকে। আপনি দুই ধরনের পাসকোড সেট করতে পারবেন। একটি সিম্পল পাসকোড; অন্যটি কমপ্লেক্স বা জটিল পাসকোড। সিম্পল পাসকোড হচ্ছে চারটি সংখ্যার পিন নম্বর। এটি চালু করতে সেটিংস থেকে জেনারেল, পাসকোড লক, টার্ন পাসকোড অনে ট্যাপ করুন। এবার আপনি আপনার চার সংখ্যার পিন নম্বর দিতে পারবেন।
কিন্তু আপনি যদি সিম্পল পাসকোড দিতে না চান, তাহলে পাসকোড লক সেকশন থেকে ‘সিম্পল পাসকোড’ অফ করে দিলেই আপনি ফুল কিবোর্ড পাবেন, যার মাধ্যমে সংখ্যা ও অক্ষরের সমন্বয়ে জটিল কোনো পাসওয়ার্ড দিতে পারবেন। ফোন বা ট্যাবের বাড়তি নিরাপত্তার জন্য চার সংখ্যাবিশিষ্ট সিম্পল পাসকোডের চেয়ে জটিল পাসকোডই বেশি নিরাপদ; তবে জটিল পাসকোড দেওয়ার সময় সহজে মনে থাকে এমন পাসওয়ার্ড নির্বাচন করুন। সহজে যাতে আপনার পাসকোড কেউ অনুমান করতে না পারে, সে জন্য সংখ্যা, অক্ষর ও চিহ্নের সমন্বয়ে জটিল পাসওয়ার্ড তৈরি করতে পারেন।
কনটেন্ট কেনার সুবিধা অফ করে দিন
আপনার আইওএস ডিভাইসের সঙ্গে যদি ক্রেডিট কার্ড সংযুক্ত করা থাকে, তাহলে কারও হাতে দিলে অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন বা গেমস কিনে ফেলার সম্ভাবনা থাকে, বিশেষ করে অভিভাবকের আইফোন বা আইপ্যাড ছেলেমেয়ের হাতে না বুঝে অ্যাপ্লিকেশন, মিউজিক, গেমস কিংবা গেমের মধ্যকার ‘ইন-অ্যাপ পারচেজ’-এর মাধ্যমে খরচ হয়ে যেতে পারে। আইওএসে অনেক আগে থেকেই এটি আটকানোর সুবিধা রয়েছে। সেটিংস থেকে জেনারেল, রেস্ট্রিকশন, অ্যানাবল রেস্ট্রিকশনসে ট্যাপ করে আপনার পাসকোড দিন। এরপর অ্যাপ্লিকেশনের তালিকা থেকে কোন কোন অ্যাপ্লিকেশনে রেস্ট্রিকশন চালু করতে চান তা ঠিক করে নিন। এর পর থেকে খরচ করার মতো কোনো অ্যাকশনের সময় আপনাকে এই পাসকোড দিতে হবে। ফলে অনাকাঙ্ক্ষিত খরচ থেকে বেঁচে যাবে আপনার আইওএস ডিভাইস।
ফাইন্ড মাই আইফোন অ্যাকটিভেশন লক
আইওএস ৭-এর নতুন বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি হলো ফাইন্ড মাই আইফোন অ্যাকটিভেশন লক। এর মাধ্যমে আপনার ডিভাইস চুরি হয়ে গেলে সেটি বিক্রি বা ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। কেননা, আপনার আইক্লাউড অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিভাইস সংযুক্ত করা থাকলে আপনি যেকোনো সময় ডিভাইসটি ‘হারিয়ে গেছে’ হিসেবে চিহ্নিত করতে পারবেন। এতে করে আপনার ডিভাইসটি লক হয়ে যাবে এবং কেবল আপনিই আপনার নতুন পাসকোড দিয়ে আনলক করতে পারবেন। এ জন্য আপনার ডিভাইস চুরি যাওয়ার আগেই সেটিংস থেকে আইক্লাউডে গিয়ে আপনার আইক্লাউড অ্যাকাউন্টের সঙ্গে লিংক করে নিতে হবে। পরবর্তী সমরয় ডিভাইস খোয়া গেলে icloud.com/find ঠিকানায় গিয়ে ‘ফাইন্ড মাই আইফোন’ সেবাটি চালু করতে হবে। তারপর অল ডিভাইসেস থেকে আপনার হারানো ডিভাইসটি খুঁজে বের করুন এবং ‘লস্ট মোড’ আইকনে ক্লিক করে চার সংখ্যার নতুন একটি পাসকোড দিন। এই পাসকোডটি ছাড়া আপনার ডিভাইসটি আনলক করা যাবে না। এই বৈশিষ্ট্যের বাড়তি সুবিধা হলো আপনি লক করার পাশাপাশি অপশনাল নোট বা নম্বর লিখে দিতে পারবেন, যেটি লক হয়ে যাওয়া ডিভাইসের লকস্ক্রিনে লেখা থাকবে। ফলে কেউ আপনার ডিভাইস খুঁজে পেলে তিনি আপনার বার্তা ও নম্বর দেখতে পাবেন ও প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
লকস্ক্রিনের তথ্য
আইওএস ৭ চালিত ডিভাইসে ব্যবহারকারীরা ডিভাইস আনলক না করেই কন্ট্রোল সেন্টার এবং নোটিফিকেশন দেখতে পারেন। এর ফলে অনেকে অনাকাঙ্ক্ষিতভাবে আপনার ব্যক্তিগত তথ্যাদি (যেমন ক্যালেন্ডার এন্ট্রি কিংবা মেসেজ) দেখে ফেলতে পারেন। তবে আপনি চাইলে কোনগুলো আইওএসের লকস্ক্রিনে দেখা যাবে তা ঠিক করে নিতে পারেন সেটিংস থেকে নোটিফিকেশন সেন্টারে গিয়ে। এখানে আলাদাভাবে কোন কোন তথ্য দেখানো হবে ও কোন কোন তথ্য দেখানো হবে না তা বেছে নিতে পারবেন কিংবা একসঙ্গে সব তথ্য দেখানো বন্ধ করে দিতে পারবেন।
অনাকাঙ্ক্ষিত কল বা টেক্সট ব্লক
কোনো বিশেষ নম্বর থেকে ফোন বা টেক্সট মেসেজ প্রাপ্তি বন্ধ করে দিতে সেই নম্বরটি বন্ধ করে দিতে পারেন। এ জন্য ডিভাইস থেকে কল হিস্টরিতে গিয়ে যে নম্বরটি ব্লক করতে চান, সেটি সিলেক্ট করুন এবং অপশন থেকে ‘ব্লক দিস কলার’ অপশনটিতে ট্যাপ করে ভ্যারিফাই করুন।
ডু নট ট্র্যাক
ডু নট ট্র্যাক একটি বিশেষ বৈশিষ্ট্য, যার মাধ্যমে আপনি বিজ্ঞাপনদাতাদের নজরদারি এড়িয়ে নিরাপদে ব্রাউজ করতে পারবেন। সাধারণত আপনি কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করছেন তা বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর ‘কুকিজ’ দ্বারা ট্র্যাক করা হয় এবং পরবর্তী সময়ে তার ওপর ভিত্তি করে আপনার ব্রাউজারে বিজ্ঞাপন সরবরাহ করা হয়। ‘ডু নট ট্র্যাক’ সুবিধাটি চালু করার মাধ্যমে আপনি বিজ্ঞাপনদাতাদের আপনার অনলাইন কর্মকাণ্ড ট্র্যাক করা থেকে বিরত রাখতে পারবেন। ডেস্কটপ ব্রাউজারে অনেক আগে থেকেই এই সুবিধা চালু হয়েছে। এখন মোবাইল ব্রাউজারগুলোতেও এই সুবিধা চালু করা সম্ভব। সুবিধাটি চালু করতে সেটিংস থেকে সাফারিতে ট্যাপ করুন এবং ডু নট ট্র্যাক সেবাটি চালু করে দিন।
লিংকে ক্লিক করার আগে দেখে নিন
ওয়েবপেজের শুরুর দিকে এর অন্যতম বৈশিষ্ট্য ছিল এক পেজ থেকে আরেক পেজে লিংক করা। কিন্তু এই লিংকে ক্লিক করার মাধ্যমেই নানা অসুবিধার সৃষ্টি হতে পারে। ফিশিং, ম্যালওয়্যার ইত্যাদি নানাবিধ বিষয় তো রয়েছেই। এ জন্য ওয়েবপেজে হাইপার লিংক করা কোনো লিংকে ক্লিক করার আগে কোন লিংকে যাচ্ছেন তার ইউআরএলটি দেখে নেওয়া নিরাপদ। এ জন্য যে শব্দটি লিংক করা সেটির ওপর প্রেস করে ধরে রাখুন। একটি পপ-আপ মেনুতে আপনি ইউআরএলটি দেখতে পাবেন। এই পদ্ধতিটি সাফারি ও গুগল ক্রোম ব্রাউজারে কাজ করে।
আইফোন ও আইপ্যাড হাতবদলের আগে ফ্যাক্টরি রিসেট
নতুন কোনো ডিভাইস কিনতে গেলে হয়তো একসময় আপনার আইওএস ডিভাইসটি বিক্রি করে দেওয়াই আদর্শ বলে মনে হবে। কিন্তু বিক্রি করার আগে আপনার ব্যক্তিগত তথ্যাদি পুরোপুরি মুছে দিচ্ছেন তো? নাকি নতুন মালিকের কাছে আপনার অ্যাকাউন্টের সব তথ্য দিয়ে দিচ্ছেন?
কোনো পণ্যেই কেবল অ্যাকাউন্ট মুছে ফেলা নিরাপদ নয়। আইফোন বা আইপ্যাড অন্য কারও কাছে হাতবদল করার আগে অবশ্যই ফ্যাক্টরি রিসেট করে নেবেন। এ জন্য সেটিংস, জেনারেল, রিসেট, ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিংসে ট্যাপ করুন। এ কাজটি সম্পন্ন করতে আপনাকে দুইবার আপনার পাসকোড ও অ্যাপল আইডি পাসওয়ার্ড দিতে হবে। এরপর খানিকটা সময় নিয়ে আইওএস ডিভাইস থেকে যাবতীয় তথ্যাদি মুছে ফেলবে এবং ফ্যাক্টরি সেটিংস ফিরিয়ে এনে ডিভাইসটি রিস্টার্ট হবে।
প্রযুক্তি গবেষকেরা বলেন, সাধারণত কোনো ডিভাইসকেই শতভাগ নিরাপদ করে তোলা সম্ভব নয়। কিন্তু এই ডিজিটাল যুগে স্মার্টফোন আর ট্যাবলেটকে ঘিরে জড়িয়ে গেছে আমাদের ডিজিটাল জীবন। আইওএস নির্ভর স্মার্ট পণ্যগুলোর নিরাপত্তায় যথেষ্ট সচেতনতা আপনাকে স্মার্ট করে তুলবে।