আইফোন শনাক্ত করবে নেশা!
একজন মানুষ নেশা করলেও অনেক সময় বোঝা যায় না সে কী পরিমাণ নেশা করেছে। আর এ নেশা শনাক্তকরণের ব্যাপারে গবেষকদেরও ছিল অনেক আগ্রহ। সম্প্রতি নেশা শনাক্তকরণের জন্য একটি অ্যাপ্লিকেশন উদ্ভাবন করা হয়েছে। এটি ব্যবহার করতে হবে অ্যাপলের আইফোন এবং আইপড টাচে। এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে একজন মানুষ কতটুকু নেশাগ্রস্ত অবস্থায় আছে, তা সহজেই জানা যাবে। নতুন এ অ্যাপ্লিকেশনটির নাম দেওয়া হয়েছে ‘ব্রিদালআইজ’। এটি মূলত প্যাটার্ন বিশ্লেষণ করে থাকে। নেশাজাতীয় দ্রব্য পান করার পর এ অ্যাপ্লিকেশনটি চালু করে আইফোনের ক্যামেরা চোখের মণির সামনে ধরতে হবে। অ্যাপ্লিকেশনটি চোখের মণি স্ক্যান করবে এবং চোখের হরাইজনটাল গেজ নিসট্যাগমাস (এইচজিএন) বিশ্লেষণ করবে। তারপর সহজেই নিউমেরিক্যাল বিএসি অর্থাৎ ব্লাড অ্যালকোহল কন্টেন্ট ফলাফল সরবরাহ করবে। অ্যাপ্লিকেশন ডেভেলপারদের মতে, নেশা শনাক্তকরণে এটি থেকে সঠিক এবং ভালো ফলাফলই পাওয়া যাবে। শুধু শতকরা শূন্য দশমিক ০২ ভাগ এদিক-সেদিক হতে পারে। অ্যাপ্লিকেশনটির সবচেয়ে বড় সুবিধা হলো, ক্যালকুলেশন বা হিসাব করার জন্য এতে কোনো প্রকার ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। অ্যাপ্লিকেশনটি নিজেই বিশ্লেষণ করতে পারবে এবং ব্লাড অ্যালকোহল কন্টেন্ট (বিএসি) ফলাফল দিতে পারবে। ডেভেলপাররা মনে করছেন, নেশা শনাক্তকরণে তাদের এ অ্যাপ্লিকেশন ব্যবহারে বেশ ভালোই সাড়া পাওয়া যাবে এবং জনগণও একে পছন্দ করবে। — হাফিংটন পোস্ট অবলম্বনে প্রদীপ সাহা