আইফোন ৫ নিয়ে চলছে নানা পরীক্ষা! (ভিডিও)
অ্যাপলের আইফোন ৪ এস-এর পরবর্তী সংস্করণ হিসেবে বাজারে আসছে আইফোন ৫। কিন্তু এই সংস্করণটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে অ্যাপল। সম্প্রতি এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইফোন ৫-এর নকশা নিয়ে এখনো নানা পরীক্ষায় ব্যস্ত অ্যাপল। সর্বশেষ তথ্য অনুসারে, ডিভাইসটির স্ক্রিনের মাপ সাড়ে তিন থেকে চার ইঞ্চি করার পরিকল্পনা করা হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, চলতি বছরের প্রথম তিন মাসে বাজারে স্মার্টফোন বিক্রির দিক থেকে অ্যাপলকে পেছনে ফেলেছে স্যামসাং। সম্প্রতি গ্যালাক্সি এস৩ নামে বড় আকারের স্ক্রিনযুক্ত একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। এই স্মার্টফোনটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই স্ক্রিনের মাপ বড় করতে পারে অ্যাপল।এর আগে আইফোন ৫ বের করা হবে বলে ধারণা করা হলেও অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ২০১১ সালের অক্টোবরে ঘোষণা করেছিলেন আইফোন ৪এস-এর। চলতি বছরের অক্টোবর নাগাদ আইফোন ৫ বাজারে আনতে আগস্ট মাস থেকে ফোন তৈরি শুরু হবে। এতে থাকতে পারে রেটিনা ডিসপ্লে, উন্নত সফটওয়্যার ও নকশায় অভিনবত্ব। এ ছাড়া খবর রটেছে, নতুন আইফোন তৈরিতে তরল ধাতু বা লিকুইড মেটালও ব্যবহূত হতে পারে। এদিকে শুধু গুজবই নয়, অ্যাপলের আইফোন ৫ বাজারে আসার আগেই অস্ট্রেলিয়ায় রীতিমতো আইফোন ৫ ডট কম নামের একটি সাইট খুলে তাতে বিভিন্ন বিষয় নিয়ে জোর আলোচনা চলছে। সম্প্রতি ওয়েবসাইটটি বন্ধ করার জন্য অ্যাপল ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের কাছে দাবি জানিয়েছে অ্যাপল। আইফোন ৫ যে দ্রুতই বাজারে আসছে এই ঘটনায় এমনটি ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।