আইফোন-৫ পেয়ে উল্লাস (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে প্রযুক্তিপ্রেমী মানুষের হাতে পৌঁছেছে অ্যাপলের আইফোন ৫। লন্ডন, নিউইয়র্ক ও সিডনির অ্যাপলের স্টোরগুলোতে আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত আইফোন ৫ বিক্রি। নতুন এ স্মার্টফোনটি কিনতে অ্যাপলের স্টোরের সামনে আগেভাগেই লাইন দিতে শুরু করেছিলেন ক্রেতারা। আইফোন ৫ হাতে পাওয়ার পর হূষ্টচিত্তেই ফিরতে দেখা গেছে তাঁদের। খবর রয়টার্সের।লন্ডন, নিউইয়র্ক ও সিডনিতে আজ শুক্রবার সকাল আটটার সময় অ্যাপলের স্টোর খোলার আগেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে যান ক্রেতারা। অ্যাপলের স্টোরের কর্মীরা নীল রঙের টি-শার্ট পরে ক্রেতাদের শুভেচ্ছা জানাতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। এরপর একে একে ক্রেতারা আইফোন ৫ হাতে নিয়ে অ্যাপলের স্টোরের বাইরে এসে উল্লাস করতে শুরু করেন।সিডনির অ্যাপলের স্টোরের বাইরে দীর্ঘ সারি তৈরি করেন ৬০০ জন ক্রেতা। এ সারির প্রথমেই দাঁড়িয়ে ছিলেন টড ফুট। প্রথম ক্রেতা হিসেবে আইফোন ৫ হাতে পাওয়ার পর উল্লসিত টড ফুট বলেন, ‘আমার হাতে এসেছে আইফোন ৫। আমি এখন এটা স্পর্শ করতে পারছি, এটা অনুভব করতে পারছি।’প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি সেপ্টেম্বর মাসে এক কোটি আইফোন ৫ বিক্রি করবে অ্যাপল। এদিকে অ্যাপল জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় ২০ লাখ আইফোন বিক্রির প্রাথমিক ফরমায়েশ নিয়েছিল তারা। ২১ সেপ্টেম্বর ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া শুরু হয়েছে।লন্ডনে আইফোন ৫ কেনার জন্য দীর্ঘ লাইনের প্রথম ব্যক্তিটি ছিলেন প্রযুক্তিপণ্য ব্যবসায়ী রায়ান উইলিয়ামস (২২)। প্রায় এক সপ্তাহ আগে তিনি বন্ধু পিটারকে নিয়ে অ্যাপলের স্টোরের সামনে এসে তাঁবু গেড়েছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল, একটি দাতব্য সংস্থার জন্য আইফোন ৫ সবার আগে সংগ্রহ করা। প্রথম আইফোন হাতে পাওয়ার পর তিনি সেটা রাস্তায় এক হাজার পাউন্ডে নিলামে বিক্রি করে দিয়েছেন।১৪ সেপ্টেম্বর নতুন আইফোন বিক্রির প্রাথমিক ফরমায়েশ নিয়েছিল অ্যাপল। আজ ২১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, হংকং ও সিঙ্গাপুরের বাজারে বিক্রি শুরু হয়েছে আইফোন ৫। ২৮ সেপ্টেম্বর আরও ২০টি দেশে বিক্রি শুরু হবে নতুন এ স্মার্টফোনটির।অ্যাপলের আইফোন ৫-এ রয়েছে ৪ ইঞ্চি মাপের এইচডি রেটিনা ডিসপ্লে, এ৬ প্রসেসর, ন্যানো সিম ও ফোরজি এলটিই সমর্থন করে এমন প্রযুক্তি। আনলক আইফোন ৫-এর ১৬ গিগাবাইট মেমোরি মডেলটির দাম ৬৪৯ ডলার, ৩২ গিগাবাইট মডেলের দাম ৭৪৯ ডলার ও ৬৪ গিগাবাইট মডেলের দাম ৮৪৯ ডলার।১২ সেপ্টেম্বর আইফোন ৫-এর ঘোষণা দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে আইফোন ৫-এর ঘোষণার সময় টিম কুক বলেছিলেন, ‘আইফোনের ইতিহাসের এটি সবচেয়ে বড় ঘটনা। আর নতুন আইফোন হচ্ছে খাঁটি এক রত্ন।’টিম কুকের খাঁটি এ রত্ন হাতের নাগালে পেতেই ক্রেতারা আজ অ্যাপলের স্টোরে হুমড়ি খেয়ে পড়েছেন। তবে অ্যাপলের নতুন চালু করা ম্যাপসেবাটি ক্রেতাদের মনমতো হয়নি বলেই সমালোচনার ঝড় বইছে। অ্যাপলের কর্তৃপক্ষ ধৈর্য ধরতে অনুরোধ করেছে।