আইফোন ৬ এস নাকি ৭?

৯ সেপ্টেম্বর। অ্যাপলের জন্য একটি বিশেষ দিন। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের খবর হচ্ছে—এই দিন বাজারে নতুন আইফোন উন্মুক্ত করবে অ্যাপল। কিন্তু সেই আইফোনের মডেল কী হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কেউ বলছেন, অ্যাপলের নতুন আইফোনের নাম হবে ৬ এস আবার কেউ বলছেন আইফোন ৭।
গত বছরের ৯ সেপ্টেম্বর আইফোন ৬ ও আইফোন ৬ প্লাস উন্মুক্ত করেছিল অ্যাপল। এ ছাড়াও এর আগের তিন বছরে সেপ্টেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত ফোনের ঘোষণা এসেছে অ্যাপলের কাছ থেকে।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ৯ সেপ্টেম্বরে শুধু নতুন আইফোন নয় সঙ্গে নতুন অ্যাপল টিভি এবং আইপ্যাড প্রোর ঘোষণা দিতে পারে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো বিভিন্ন সূত্র ব্যবহার করে নতুন আইফোন, আইপ্যাড ও অ্যাপল টিভির তথ্য জানালেও অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।নতুন আইফোন, আইপ্যাড ৯ সেপ্টেম্বরে!
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়, ৭ থেকে ৯ সেপ্টেম্বরে নতুন পণ্য ঘোষণার অনুষ্ঠান করবে অ্যাপল। অনুষ্ঠানে নতুন আইফোনের নাম ঘোষণা করবে তারা। তবে নাম যাই হোক না কেন, নতুন আইফোনে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করছে অ্যাপল কর্তৃপক্ষ। নতুন আইফোনে ফিচার হিসেবে ফোর্স টাচ ডিসপ্লে, উন্নত ক্যামেরা ও দ্রুতগতির প্রসেসর সুবিধা আসতে পারে।