আইফোন ৬ প্লাসের ক্যামেরায় ত্রুটি

বেশ কিছু আইফোন ৬ প্লাসের ক্যামেরায় ত্রুটি রয়ে গেছে বলে সম্প্রতি স্বীকার করেছে অ্যাপল। ক্যামেরার এই ত্রুটির কারণে অনেকের আইফোন ৬ প্লাস ফোনে তোলা ছবি ঘোলাটে দেখা যাচ্ছে। যাঁরা আইফোন ৬ প্লাস নিয়ে এ ধরনের সমস্যায় পড়েছেন মার্কিন প্রতিষ্ঠানটি বিনা মূল্যে তাঁদের ফোনের ক্যামেরাটি মেরামত করে দেওয়ার ঘোষণা দিয়েছে। সিএনএনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর ও এ বছরের জানুয়ারি মাসে বিক্রি হওয়া আইফোন ৬ প্লাসের ক্ষেত্রে এ সমস্যা থাকতে পারে। ফোনটির পেছনে আইসাইট ক্যামেরার কারণে ঘোলাটে ছবি উঠতে পারে তবে সামনের দিকের ক্যামেরায় কোনো সমস্যা নেই।
অ্যাপল আরও কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপল স্টোর, অনুমোদিত অ্যাপল পণ্য সেবাদাতাদের কাছ থেকে বিনা মূল্যে আইফোনের এই সমস্যার সমাধান করে নেওয়া যাবে। তবে কোনো টেলিকম সেবাদাতা এ সমস্যা সমাধান করতে পারবে না।
কারও ফোন ত্রুটিযুক্ত আইফোনের তালিকায় আছে কিনা তা অ্যাপলের ওয়েবসাইটে দেওয়া সিরিয়াল নম্বর মিলিয়ে দেখে নেওয়া যাবে।