
৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বিল গ্র্যাহাম সিভিক মিলনায়তনে সাত হাজার দর্শকের সামনে অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন ৬এস ও ৬এস প্লাস বাজারে ছাড়ার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। একই সঙ্গে আইফোনের নতুন অপারেটিং সিস্টেম আইওএস৯ প্রকাশ করা হয়। আইফোন ও আইওএসের নতুন সব বৈশিষ্ট্য দেখানোর পাশাপাশি জানানো হয় ২৫ সেপ্টেম্বর থেকে ১২টি দেশে নতুন এই আইফোন দুটি পাওয়া যাবে। আইফোন ৬এসের ৬৪ গিগাবাইট সংস্করণের দাম পড়বে ৭৪৯ ডলার।
সম্প্রতি ব্যাংক অব আমেরিকার ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগ মেরিল লিঞ্চের দেখানো হিসাব অনুযায়ী প্রতিটি আইফোন ৬এস তৈরিতে যন্ত্রাংশ কিনতে ২৩৪ ডলার খরচ পড়বে অ্যাপলের। এর মধ্যে সবচেয়ে বড় অঙ্কটা বেরিয়ে যাবে সেমিকন্ডাক্টরের পেছনে, যার পরিমাণ ১৩৬ ডলার। যার মধ্যে বিভিন্ন সেলুলার রেডিওতে ৩৬ ডলার, ৬৪ বিট অ্যাপল এ৯ প্রসেসরে ২৫ ডলার, বিভিন্ন সেন্সরে ২২ ডলার ও ৬৪ গিগাবাইট মেমরিতে ২০ ডলার খরচ অন্তর্ভুক্ত। এর বাইরে পর্দা, ব্যাটারি ও ক্যামেরার মতো গুরুত্বপূর্ণ উপাদানে খরচ পড়বে ৭৩ ডলার। বাকি উপাদানগুলোতে খরচ পড়বে ৩৩ ডলারের মতো। আইফোনের পুরোনো মডেলগুলো তৈরিতে খরচ কিন্তু আরও কম। কারণটাও পরিষ্কার। সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো মডেলগুলোর যন্ত্রাংশের খরচ বেশ কমেছে। যেমন বিগত বছরগুলোতে বাজারে ছাড়া আইফোন৬ প্লাস, আইফোন৬ ও আইফোন ৫এস তৈরিতে অ্যাপলের বর্তমানে খরচ করতে হবে যথাক্রমে ২২৩, ২০৬ ও ১৮২ ডলার। ৭৪৯ ডলারে বিক্রি করলে অ্যাপল ৫১৫ ডলারের বড় অঙ্কের লাভ পকেটে ভরবে, এমনটা ভাবার কোনো কারণ কিন্তু নেই। এখানে শুধু যন্ত্রাংশ ক্রয় বা তৈরির খরচ দেওয়া হয়েছে। আইফোন তৈরির খরচ আছে, সেগুলো ব্যবহারকারীর হাতে পৌঁছে দেওয়ার খরচ আছে। সেসব খরচের পরিমাণও একদম কম নয়।
বিজনেস ইনসাইডার অবলম্বনে ।