আইফোন ৭এস, ৮ নাকি প্রো?
কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশ্চয়ই চাইবেন তাঁর প্রতিষ্ঠানের পণ্য নিয়ে আলোচনা চলুক। তবে আইফোন নিয়ে আলোচনা এত বেশি হচ্ছে যে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এতে কিছুটা বিরক্তই হয়েছেন। খোলাখুলি সেই বিরক্তি প্রকাশও করেছেন মঙ্গলবারে অ্যাপলের গত প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশের সময়। আর টিম কুকেরই বা দোষ কী? যখন কেউ নিশ্চিতভাবে জানে যে দিন কয়েক পরেই নতুন সুবিধার আনকোরা নতুন এক আইফোন বাজারে আসছে, তবে কে আর গত বছরের পুরোনো আইফোন কিনতে ৮০০ ডলার খরচ করে? আর এতেই নাকি গত প্রান্তিকে আইফোন বিক্রির হার কমেছে।
নতুন আইফোনে কী থাকছে তা স্বাভাবিকভাবেই এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে যাঁরা এই শিল্পে দীর্ঘদিন ধরে কাজ করছেন, বছরের পর বছর ধরে স্মার্টফোনের বিবর্তন চাক্ষুস করেছেন, তাঁদের অনুমানের একটা গুরুত্ব তো থাকেই। নতুন আইফোন নিয়ে তেমনই সম্ভাব্য নতুন কিছু সুবিধার উল্লেখ থাকছে এখানে।
নতুন নাম: অ্যাপল সাধারণত প্রতিবছরের সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে ছাড়ে। নামকরণের ক্ষেত্রে ৪, ৪এস, ৫, ৫এস, ৬, ৬এস...এই ধারা মানা হচ্ছে। সেদিক থেকে আইফোন ৭-এর পরে এবার আইফোন ৭এস হওয়ার কথা। তবে ধারণা করা হচ্ছে, সরাসরি আইফোন ৮ কিংবা সম্পূর্ণ নতুন নাম হিসেবে আইফোন প্রো কিংবা এক্স দেওয়া হতে পারে।
কোনো বোতাম থাকবে না: স্মার্টফোনে বোতাম শুনতেই কেমন সেকেলে মনে হয়। স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এস৮-এ যেমন বোতামের বালাই-ই নেই। নতুন আইফোনেও এই ধারা মানা হতে পারে। যেকোনো বোতাম পর্দার ভেতরেই দেওয়া থাকবে। অন্যদিকে এলইডি প্রযুক্তি থেকে সরে এসে ওএলইডি প্রযুক্তির পর্দা থাকবে।
আঙুলের বদলে চোখ: হোম বোতামেই আঙুলের ছাপ শনাক্ত করার সেন্সর যোগ করেছিল অ্যাপল। তবে সামনের পুরো অংশজুড়ে পর্দা থাকলে সে সুযোগ আর থাকছে না। সে ক্ষেত্রে অন্য ধরনের বায়োমেট্রিক সেন্সর যোগ করা হতে পারে, যেমন চেহারা বা চোখের মণি স্ক্যান করে ফোন আনলক করা সম্ভব হবে।
আরও বড় পর্দা: ‘কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সেই একই নকশার আইফোন কেন কিনব’ গ্রাহকদের এমন প্রশ্নের মুখোমুখি যেন না হতে হয় তাই নকশায় বড় পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তারহীন সবকিছু: গত বছরেই তারহীন হেডফোন ছেড়েছে অ্যাপল। এবার প্রতিষ্ঠানটি কাজ করছে তারহীন চার্জার নিয়ে। ভবিষ্যতে যেকোনো বাঁধন থেকে মুক্ত হওয়ার প্রয়াস বলেই ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএনএন