আইফোন ৮ ও ৮ প্লাসের ট্রেলার!

কবে আসবে নতুন আইফোন? আইফোনপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন। আইফোনের ১০ বছর পূর্তিতে নিশ্চয় চমক থাকবে। অ্যাপল কিন্তু নতুন আইফোন নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। কিন্তু নতুন আইফোন নিয়ে প্রযুক্তিবিশ্বে গুঞ্জনের কোনো ঘাটতি নেই।
এই যেমন আইওএস ১০ বেটাডাউনলোড ডটনেট ওয়েবসাইট পরবর্তী আইফোনের ধারণা প্রকাশ করেছে। এই ফোনটিকে তারা বলছে আইফোন ৮। নতুন আইফোন ৮ ও ৮ প্লাস নিয়ে তাদের টুইটার অ্যাকাউন্টে একটি ট্রেলারও প্রকাশ করেছে ওই ওয়েবসাইটটি।
আইফোন ৮-এর ওই ধারণাটিতে দেখানো হয়েছে, একেবারে কিনার থেকে পুরো স্ক্রিনের বাঁকানো ওএলইডি ডিসপ্লে। জেট ব্ল্যাক রঙের ফোনটিতে উজ্জ্বল কালো রঙের কেসিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্যানকেক স্ক্যানিং প্রযুক্তি, স্ক্রিনে ওয়াইডস্ক্রিন ও ভলিউম বাটন, কার্বন ফাইবার কাঠামো, তারহীন চার্জিং প্রযুক্তি, এফ/১.৭ অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
ট্রেলার যদি এ রকম হয়, তবে বাস্তবের নতুন আইফোনে এ রকম চমক থাকার আশা করছেন অনেক প্রযুক্তি বিশ্লেষক।