আইফোন ৮ নিয়ে যত কথা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস সম্মেলন (ডব্লিউডব্লিউডিসি) ২০১৭। প্রতিবারের মতোই সেপ্টেম্বরে নয়, আজ সোমবার সম্মেলনের প্রথম দিনেই অ্যাপল তাদের আইফোন ৮ বাজারে ছাড়ার ঘোষণা দেবে—এমন মতামত দিয়েছে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জে পি মরগান। তাদের দাবি, গ্রাহকদের চমকে দিতে আকস্মিকভাবে এই ঘোষণা দেওয়া হবে। তবে এই অনুমানে অনেকে ভরসা রাখতে পারেননি। উল্টো এমন অনুমানকে ভিত্তিহীন বলা হচ্ছে। আইফোন ৮ নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি বিভিন্ন রকমের অনুমান করেছেন। এসব অনুমানের কয়েকটি এখানে থাকছে।

উন্মোচন
অধিকাংশেরই ধারণা, সেপ্টেম্বরে বাজারে আসবে আইফোন ৮। এমন ধারণা পোষণকারীদের বিপরীতে গিয়ে রড হল নামের জে পি মরগানের এক বিশ্লেষকের দাবি, ডব্লিউডব্লিউডিসিতে প্রকাশ করা হবে এই স্মার্টফোন।

আকার
আইড্রপ নিউজের এক প্রতিবেদনে বেঞ্জামিন গেসকিন নামের এক ব্যক্তি দাবি করেন, আইফোন ৮ (ছবিতে মাঝে) এর আকার আইফোন ৭-এর চেয়ে বড় হবে। বেঞ্জামিন নিয়মিতই তাঁর টুইটার অ্যাকাউন্টে আইফোন ৮-এর বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। তাঁর দাবি অনুযায়ী, আইফোন ৮-এর পরিমাপ হবে ১৪৩.৫৯× ৭০.৯৪× ৭.৫৭ মিলিমিটার। যেখানে আইফোন ৭-এর পরিমাপ হচ্ছে ১৩৮.৩× ৬৭.১× ৭.১ মিলিমিটার। অন্যদিকে আইফোন ৭ প্লাসের পরিমাপ হচ্ছে ১৫৮.২× ৭৭.৯× ৭.৩ মিলিমিটার।

ডুয়েল ক্যামেরা
এই স্মার্টফোনের পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা। ফাঁস হওয়া কালো রঙের আইফোন ৮-এর এক ছবিতে দেখা গেছে, দুই ক্যামেরার মাঝে ফ্ল্যাশ রয়েছে।

পর্দা
এজ টু এজ পর্দা হবে আইফোন ৮-এর, এমনটা বলেছেন বেঞ্জামিন গেসকিন। তবে গ্যালাক্সি ৮ প্লাস কিংবা গ্যালাক্সি ৮-এর চেয়ে আইফোন ৮ (ছবিতে মাঝে) এর পর্দা ছোট হবে।

ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি
আইফোন ৮-এ ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি যোগ করা নিয়ে বেশ কিছুদিন ধরে গুজব চলছে। বেঞ্জামিনের মতে, এই ফোনের পেছনে থাকা অ্যাপলের লোগোতে থাকতে পারে এই প্রযুক্তি।
সূত্র: ডেইলি মেইল