আইফোনকে ছাড়িয়ে যাচ্ছে উইন্ডোজ ফোন!
সাতটি দেশে স্মার্টফোন বিক্রির হিসাবে আইফোনকে এবং ২৬টি দেশে ব্ল্যাকবেরিকে ছাড়িয়ে গেছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোন। যুক্তরাষ্ট্রের বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের।আইফোনকে ছাড়িয়ে যাওয়া সাতটি দেশ হচ্ছে, আর্জেন্টিনা, ভারত, পোল্যান্ড, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন ও ক্রোয়েশিয়া।গবেষকেরা জানিয়েছেন, তিন বছর ধরে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তার কাছে উইন্ডোজ ফোনকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। উইন্ডোজ ফোন জনপ্রিয় করতে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা নকিয়ার সঙ্গে চুক্তিও করেছে মাইক্রোসফট। সম্প্রতি স্মার্টফোনের বাজারে উন্নতির ধারা দেখতে পাচ্ছে মাইক্রোসফট। সাতটি দেশে আইফোনকে পেছনে ফেলে কিছুটা এগিয়েছে উইন্ডোজ। ২০১২ সালের শেষ নাগাদ স্মার্টফোন বাজারে অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েডের জয়জয়কার ছিল। এ সময়ে বাজারের ৯২ শতাংশ ছিল এ দুটি প্রতিষ্ঠানের দখলে। বর্তমানে অপারেটিং সিস্টেমের বাজার দখলের দিক থেকে উইন্ডোজের দখলে রয়েছে ৫ শতাংশের কাছাকাছি।