আইফোনকে ঠেকাতে যে চমক দেখাল গুগল

গত সেপ্টেম্বরেই নতুন আইফোন এনে চমক দিয়েছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছিলেন, অ্যাপলকে টেক্কা দিতে গুগল আনতে পারে নতুন কিছু প্রযুক্তিপণ্য। অবশেষে বুধবার সানফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে গুগল তাদের পণ্যের ওপর থেকে পর্দা সরাল। নতুন স্মার্টফোন, হেডসেট ও ল্যাপটপের ঘোষণা দিয়েছে গুগল। এ ছাড়া স্মার্ট স্পিকার হোম মিনি ও ম্যাক্সের পাশাপাশি পিক্সেল বুক হাইব্রিড ল্যাপটপ, পিক্সেল টু স্মার্টফোন ও পিক্সেল টু এক্সএল স্মার্টফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরেই গুগলের নতুন দুটি স্মার্টফোন নিয়ে গুঞ্জন ছিল।
গুগল পিক্সেল টু স্মার্টফোনটির (৬৪ জিবি) দাম শুরু হবে ৬৪৯ মার্কিন ডলার থেকে। পিক্সেল টু এক্সএল স্মার্টফোনটির দাম শুরু হবে ৮৪৯ মার্কিন ডলার থেকে। পিক্সেল বুক হাইব্রিড ল্যাপটপের দাম শুরু হবে ৯৯৯ মার্কিন ডলার থেকে।
নতুন ফিচারে দুই স্মার্টফোন
পিক্সেল টু ও পিক্সেল টু এক্সএল নামের পিক্সেল স্মার্টফোনের দ্বিতীয় প্রজন্মের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। পিক্সেল টু স্মার্টফোনটি প্রথম প্রজন্মের পিক্সেল ফোনের মতো হলেও পিক্সেল টু এক্সএলের নকশায় উল্লেখযোগ্য কিছু পরিবর্তন। এর ডিসপ্লে এখন ছয় ইঞ্চি, যা প্রায় পুরো ফোনটি জুড়েই রয়েছে। এতে অবশ্য পূর্ণাঙ্গ এজ-টু-এজ বেজেল দেখায় না। পিক্সেল টু ফোনটিতে আগের মতোই পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে রেখেছে গুগল।

পিক্সেল টু
নকশার দিক থেকে বিবেচনা করলে গত বছরে বাজারে আসা পিক্সেল ফোনের নকশার কাছাকাছি রয়েছে এবারের পিক্সেল ফোন দুটি। আংশিক গ্লাস ও আংশিক মেটালের তৈরি ব্যাক প্যানেল কিছুটা ভিন্নতা এনেছে। দুটি মডেলেই অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও সংস্করণ থাকবে। এতে অবশ্য ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। ফোন দুটি আইপি৬৭ রেটিংয়ের। অর্থাৎ, পানি ও ধুলা প্রতিরোধী। সাদা, কালাে ও নীল—এ তিনটি রঙে বাজারে আসবে পিক্সেল ফোন। এতে ফিচার হিসেবে এসেছে অলওয়েজ অন ডিসপ্লে ও স্বয়ংক্রিয় শব্দ শনাক্তকরণ প্রযুক্তি। সার্চ বার নিচের দিকে চলে আসায় হোম স্ক্রিন অদৃশ্য হয়েছে। ওপরের দিকে ব্যবহারকারী ‘অ্যাট আ গ্লান্স’ ফিচারটি পাবেন। এতে ব্যবহারকারীর কাজের নানা সুবিধা হবে। নতুন পিক্সেল ফোনে ‘অ্যাকটিভ এজ’ নামের বিশেষ সুবিধা যুক্ত হয়েছে। এর ফলে ব্যবহারকারী হ্যান্ডসেটের পাশে চাপ দিয়ে গুগল অ্যাসিসট্যান্ট সফটওয়্যার চালু করতে পারবেন। তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসির তৈরি করা পিক্সেল টু স্মার্টফোনে থাকছে পাঁচ ইঞ্চি মাপের ফুল এইচডি (১০৮০বাই১৯২০ পিক্সেল) অ্যামোলেড টু পয়েন্ট ফাইভ ডি ডিসপ্লে। এতে সুরক্ষা হিসেবে যুক্ত হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর চালিত ফোনটিতে চার জিবি এলপিডিডিআর ফোর এক্স র্যাম সমর্থন করে। ফোনটি ৬৪ জিবি ও ১২৮ জিবি মডেলে বাজারে আসবে। এর পেছনে ১২ দশমিক ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছ, যার অ্যাপারচার এফ/১.৮ এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এর অ্যাপারচার এফ/২.৪। ফোনটিতে ফোরকে মানের ভিডিও ধারণ করা যায়। এর ব্যাটারি ২ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ারের। এতে ১৫ মিনিটের চার্জে ৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

গুগল পিক্সেল টু এক্সএল
পিক্সেল টু এক্সএল ফোনটি তৈরি করেছে এলজি। এর বৈশিষ্ট্যের সঙ্গে পিক্সেল টুর অনেক মিল রয়েছে। তবে এতে ব্যবহৃত হয়েছ ৬ ইঞ্চি কিউএইচডি প্লাস (২৮৮০বাই ১৪৪০ পিক্সেল) পিওএলইডি ডিসপ্লে। এর ব্যাটারি ৩ হাজার ৫২০ মিলিঅ্যাম্পিয়ারের। দুটি ফোনই অগমেন্টেড রিয়্যালিটি সমর্থন করবে। প্রথমবারের মতো গুগল লেন্স ফাংশনালিটি যুক্ত হয়েছে এতে।

গুগল পিক্সেলবুক
গুগলের নতুন ল্যাপটপ নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। ১০ মিলিমিটার পুরু ও মাত্র এক কেজি ওজনের হাইব্রিড ল্যাপটপের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এটি ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। পিক্সেলবুক নামের এই ল্যাপটপের স্ক্রিন ১২ দশমিক তিন ইঞ্চি, যাতে কিউএইচডি মানের রেজুলেশন পাওয়া যায়। ইনটেল কোর আই৫ ও কোরআই ৭ প্রসেসরের ল্যাপটপটিকে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ রয়েছে। ক্রোম অপারেটিং সিস্টেমের ল্যাপটপটিতে প্রথমবারের মতো গুগল অ্যাসিসট্যান্ট বিল্টইন থাকছে। অনুষ্ঠানে গুগল পিক্সেলবুক পেন নামের স্টাইলাসের ঘোষণাও দিয়েছে। এটি গুগল প্লে সমর্থন করে বলে স্মার্টফোনের নানা সুবিধাও পাওয়া যাবে এতে। তথ্যসূত্র: দ্য ভার্জ, এনডিটিভি, রয়টার্স, বিজিআর।