আইফোনপ্রেমীদের আস্থা আইফোনেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনকার দিনে নকশার দিক থেকে আইফোনকে ছাপিয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। যেমন স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮–এর কথাই ধরা যাক। এতে যা ফিচার আছে, তা অ্যাপলের ফ্ল্যাগশিপ হালনাগাদ আইফোনে নেই। তবে যখনই ফোনের বিশ্বস্ততার প্রশ্ন ওঠে, তখন অ্যাপলের তৈরি ফোনের ধারেকাছেও কেউ নেই। যাঁরা আইফোনপ্রেমী, তাঁরা এর প্রতি এতটাই বিশ্বস্ত যে অন্য কোনো ব্র্যান্ডের ফোন কেনার কথা ভাবতেই পারেন না। এ ছাড়া স্মার্টফোনের দুনিয়ায় যত লাভ হয়, তার বেশির ভাগ অ্যাপল কর্তৃপক্ষের পকেটেই যায়।

আর্থিক সেবা খাতের বৈশ্বিক প্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলির সাম্প্রতিক এক সমীক্ষার ফল অনুযায়ী, ৯২ শতাংশ আইফোন ব্যবহারকারী বলেছেন, আগামী এক বছরে যদি মোবাইল ফোন পরিবর্তন করার কথা ভাবেন, তবে তাঁরা আবারও আইফোনের সঙ্গেই থাকবেন। এর হার গত বছরের তুলনায় ৬ শতাংশ বেড়েছে। ২০১৬ সালে ৮৬ শতাংশ আইফোনের প্রতি তাঁদের অনুরাগের কথা প্রকাশ করেছিলেন।

বিশ্বস্ততার বা ব্র্যান্ডের সঙ্গে থাকার হিসাবে অ্যাপলের পরেই আছে স্যামসাং। গ্রাহক ধরে রাখার হার স্যামসাংয়ের ৭৭ শতাংশ। যেকোনো অ্যান্ড্রয়েডনির্ভর ব্র্যান্ডর মধ্যে এটাই সর্বোচ্চ। এলজি, মটোরোলা ও নকিয়া এখন স্যামসাংয়ের চেয়ে অনেক পিছিয়ে আছে। এসব ব্র্যান্ডের প্রতি গ্রাহকের বিশ্বস্ততার হার ৫০-৫০।

বাজার বিশ্লেষকেদের চোখে অ্যান্ড্রয়েডের পিছিয়ে থাকার অনেক কারণ আছে। কারণ, এ ফোনের বাজারে প্রতিদ্বন্দ্বী অনেক। কিন্তু আইওএসে অ্যাপল একা। লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড হিসেবে অ্যাপল খুব ভালো করছে।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার।