আইফোনে উন্নতি, আইফোনেই ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আর কত দিন আইফোন বিক্রি হবে? অ্যাপল কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক গত মঙ্গলবার এমন অদ্ভুত একটা প্রশ্নের উত্তর দেবেন বলে সবাই আশা করেছিলেন। সেদিন প্রতিষ্ঠানটির চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করা হয়। ২৬ এপ্রিল থেকে ২৫ জুলাই পর্যন্ত তিন মাসে অ্যাপলের আয় ৭৭৯ কোটি ডলার, গত বছরের একই মেয়াদকালের তুলনায় যা ২৭ শতাংশ কম।
অ্যাপলের আয় কমে যাওয়ার পেছনে মূল কারণ আইফোনের বিক্রি কমে যাওয়া। ওই প্রান্তিকে ৪ কোটি ৪ লাখ আইফোন বিক্রি হয়েছে। এ নিয়ে টানা দুই প্রান্তিকে আইফোন বিক্রিতে ধস দেখা গেল। অথচ অ্যাপলের আয় আইফোন বিক্রির ওপরে অনেকাংশে নির্ভরশীল। আর তাই একটা প্রশ্ন ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে, আইফোনের ওপর অ্যাপল আর কত দিন নির্ভরশীল হয়ে থাকবে?
স্মার্টফোন বিক্রিতে স্যামসাংয়ের পরেই আছে অ্যাপল। ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে এসেছিল। প্রতিষ্ঠানটির ধারনা ছিল, চলতি জুলাই মাসেই মোট ১০০ কোটি আইফোন বিক্রির মাইলফলকে পৌঁছাবে। কিন্তু স্মার্টফোন বিক্রির দুর্দশার ফলে মাইলফলক ছোঁয়া সম্ভব হয়নি। তুলনামূলক কম দামের আইফোন এসই বিক্রিতে সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। টিম কুক বলেন, ‘আমাদের বিক্রির তথ্য বলছে উন্নত এবং উদীয়মান, দুই ধরনের বাজারেই আইফোন এসই জনপ্রিয়।’
সার্বিক আয় কমে গেলেও সেবাভিত্তিক আয় বেড়েছে ১৯ শতাংশ। এই আয়ের মূল চালিকাশক্তি অ্যাপ স্টোর (আয় বেড়েছে ৩৭ শতাংশ)। বিশেষজ্ঞরা তাই বলছেন, উন্নতির ধারা বজায় রাখতে অ্যাপলের উচিত আইফোন-কেন্দ্রিক না থেকে সব ধরনের পণ্যে নজর দেওয়া।
প্রযুক্তি বিশ্লেষক জ্যাক গোল্ড বলেন, ‘যেহেতু মোট আয়ের দুই-তৃতীয়াংশ আইফোন থেকে আসে, বিক্রিতে ধস নামায় তাই সমস্যাটাও প্রকট।’ অ্যাপলও নিশ্চয় তা জানে। আর তাই মিউজিক স্ট্রিমিং, অ্যাপল টিভি, অ্যাপল ওয়াচের মতো পণ্যে গুরুত্ব বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

একনজরে
* সদ্য সমাপ্ত প্রান্তিকে আয় কমেছে ২৭ শতাংশ
* আইফোন বিক্রি কমেছে ১৫ শতাংশ
* আইপ্যাড বিক্রি কমেছে ৯ শতাংশ
* ৮ ম্যাক বিক্রি কমেছে ১১ শতাংশ
* সেবা থেকে আয় বেড়েছে ১৯ শতাংশ
* অ্যাপ স্টোর থেকে রেকর্ড পরিমাণ আয়
* অ্যাপল ওয়াচের বিক্রি কমেছে ৫৫ শতাংশ
সূত্র: এএফপি, বিবিসি