আইফোনে নতুন রূপে ফিরল ইউটিউব
আইফোনের জন্য নতুন সংস্করণের ‘ইউটিউব অ্যাপ’ নামের ভিডিও অ্যাপ্লিকেশন চালু করল গুগল। নতুন সংস্করণের এ অ্যাপ্লিকেশনটিতে অনলাইন বিজ্ঞাপন দেখাবে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউটিউব অ্যাপ্লিকেশনটি আইফোনে আগে থেকেই লোড করা থাকবে না। ব্যবহারকারীকে অ্যাপ্লিকেশন হিসেবে ডাউনলোড করে নিতে হবে।এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে অ্যাপলের অ্যাপ স্টোরে এই অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে। অ্যাপ স্টোর থেকে নতুন সংস্করণের এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন আইফোন ব্যবহারকারীরা । গুগল জানিয়েছে, নতুন সংস্করণের ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে উন্নত ভিডিও দেখার সুবিধা ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ভিডিও শেয়ার করা, সহজে ভিডিও খোঁজার মত নতুন অনেক ফিচারও যুক্ত করা হয়েছে এতে। উল্লেখ্য, ২০১২ সালের আগস্ট মাসে আইফোন ও আইপ্যাডের প্রিইনস্টল অ্যাপ্লিকেশন হিসেবে ইউটিউবকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল অ্যাপল।প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, ইন্টারনেট সুবিধার মোবাইল ফোন গুগলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ মুঠোফোন ব্যবহার করে বিশ্বে প্রতিদিন ১০০ কোটি বার ইউটিউব দেখেন ব্যবহারকারীরা।