
সম্প্রতি বাজারে এসেছে আইফোন সেভেন। তবে এতে নেই হেডফোনের জ্যাক! এ নিয়ে চলছে তর্কবিতর্ক। অন্যদিকে অত্যন্ত মর্মাহত হয়েছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। টাইটানিক সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ‘জ্যাক’ চরিত্রে। সেই জ্যাকের চরিত্রে অভিনয়ের পর ‘তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি’, আর অ্যাপল কিনা জ্যাক যুগেরই সমাপ্তি টেনে দিল! তাই নিজের ক্ষোভ আর হতাশা জানিয়ে বিবৃতি দিয়েছেন ক্যাপ্রিও।
প্রিয় ভক্তকুল,
প্রাণঢালা শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা আর প্রেরণায় আজ আমি এ পর্যন্ত এসেছি। আরও পথ পাড়ি দিতে চাই আপনাদের শুভকামনা নিয়ে। আপনারা জানেন, ক্যারিয়ারের শুরু থেকেই একটি স্বার্থান্বেষী মহল আমার পেছনে লেগে আছে। আমার অভিনীত একটার পর একটা সিনেমা যখন দর্শক গ্রহণ করে নিয়েছেন সাদরে, সেখানে অস্কার কর্তৃপক্ষ আমাকে পাত্তাই দেয়নি! দ্য এভিয়েটর সিনেমাটাকে তো তারা গুনলই না। কাহিনি বুঝল না শাটার আইল্যান্ড–এর। আর আপনারা বলেন, আমার জীবনে একটা মাস্টারপিস সিনেমায় অভিনয় করেছি, নাম তার ইনসেপশন। এই সিনেমার জন্য আমাকে অস্কার দেবে কে? জুরিবোর্ডের সবাই বলেছেন, এই মুভির কাহিনি নাকি তাঁদের মাথার ওপর দিয়ে গেছে। আরে, তোরা মুভি বুঝিস না, সেটা কি আমার দোষ?
উলফ অব দ্য ওয়াল স্ট্রিট-এ কী অভিনয়টাই না করেছি! সেটাও কেউ বুঝল না। শেষমেশ আপনারা অস্কার বর্জন করবেন, এই ভয়েই কি না আমাকে অস্কার দিলেন তাঁরা।
একটা কথা পরিষ্কার বলতে চাই, পরিচালক টাইটানিক-এ শেষ পর্যন্ত ডুবিয়ে মেরেছিলেন জ্যাককে, কিন্তু জ্যাক মরেননি। আপনাদের সঙ্গে দেখা হলে একটা কথাই শুনি, ‘ইশ্, টাইটানিক-এ আপনাকে না মারলেও পারত!’
অ্যাপলের উদ্দেশে বলি, টাইটানিক-এ জ্যাক মরেছিলেন বলে মুভি হিট খেয়েছিল ঠিকই। কিন্তু তাই বলে তোমরা ভেবো না যে আইফোন থেকে জ্যাক উঠিয়ে দিলেই ফোনের বিক্রি হু হু করে বাড়বে! আমার ভক্তদের মনে আঘাত লেগেছে। তারা তোমাদের ফোন কিনবে না। মাথার আইডিয়া ভালো কাজে লাগাও। এই যে তারবিহীন ইয়ার ফোন বানিয়েছ তোমরা, কিন্তু উদ্দেশ্য তো ভালো না! অনেকের কান থেকে ইয়ারফোন পড়ে হারিয়ে যাবে। তারা বাধ্য হয়ে আবার কিনবে। তোমাদের ব্যবসা হবে লালে লাল। স্টিভ জবস বেঁচে থাকলে এসব দুষ্ট বুদ্ধি আঁটতেন না। বুদ্ধি ভালো কাজে লাগাও। সময় থাকতে জ্যাককেও ফিরিয়ে আনো। না হলে সামনে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।
যা-ই হোক, প্রিয় ভক্তকুল, আমি জানি, আপনারা আমার পাশেই আছেন। সারা জীবন থাকবেন, এই আশায়—
আপনাদের
লিওনার্দো ডি ক্যাপ্রিও (জ্যাক)
ক্যাপ্রিওর হয়ে বিবৃতিটি লিখেছেন মাসউদ ফোরকান