আইফোনের জন্য নতুন স্কাইপ

অ্যাপলের অপারেটিং সিস্টেমের জন্য চালু হয়েছে বিনা মূল্যে ইন্টারনেটে কথা বলা ও ভিডিও কল করার সেবা স্কাইপ। স্কাইপ ৫.০ নামের এ সংস্করণটি এসেছে নতুন নকশায়। প্রায় চার বছর পর আইওএসের জন্য নতুন নকশার স্কাইপ চালু করা হলো৷ আইওএসের জন্য সর্বশেষ হালনাগাদসহ সংস্করণ চালু করা হয়েছে৷ জানা গেছে, এখন থেকে স্কাইপ (www.skype.com) আরও উন্নত সেবা দেবে এবং নিয়মিত হালনাগাদও প্রকাশ করা হবে। বর্তমানে আইওএস ৭.১.১ সংস্করণ চললেও স্কাইপের সর্বশেষ হালনাগাদ ছিল আইওএস ৪-এর জন্য। এর মধ্যে আর কোনো হালনাগাদ না আসায় নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন ব্যবহারকারীরা। স্কাইপের পণ্য বিপণন ব্যবস্থাপক এরিক লিন জানান, ‘এবার যে ধরনের পরিবর্তনগুলো এসেছে তার বেশির ভাগই ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী করা হয়েছে। আমরা আমাদের ব্যবহারকারীদের চাহিদাকে সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি যা এবারের সংস্করণে আমরা দেখিয়েছি।’
নতুন স্কাইপ অ্যাপে বর্তমান সময়ে চাহিদার কথা মাথায় রেখে দারুণ সব নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। চালু হওয়ার সময় কমিয়ে আনা হয়েছে এবং যোগ করা হয়েছে ফ্লুইড অ্যানিমেশন৷ সাম্প্রতিক যোগাযোগের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়েছে মাইক্রোসফটের মালিকানাধীন এই স্কাইপ৷ এ জন্য যোগ করা হয়েছে বিশেষ হাবকেন্দ্রিক নকশা। এ ছাড়া অফলাইন বন্ধুদের সঙ্গে গ্রুপ তৈরি বা ছবি শেয়ার সুবিধাও চালু হয়েছে। যুক্ত হয়েছে ভিডিও বার্তা আদান-প্রদানের সুবিধা।
২০০৩ সালে চালু হওয়া স্কাইপ বর্তমানে ৩৮টি ভাষায় সেবা দিচ্ছে। —দ্য ভার্জ ও টেক ক্রাঞ্চ