আইফোনের জন্য মাইক্রোসফট অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের তৈরি আইফোনের জন্য সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট অফিস প্যাকেজ চালু করেছে। এর ফলে আইফোনে মাইক্রোসফটের ওয়ার্ড বা এক্সেলসহ অফিস প্যাকেজের অন্যান্য সফটওয়্যারগুলো ব্যবহার করা যাবে। ‘অফিস মোবাইল’ নামে বিশেষ এ সফটওয়্যারটি আইফোনের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে। অফিস ৩৬৫ নামের বিশেষ প্যাকেজ সুবিধা ক্লাউড সেবার মাধ্যমে আইফোনেই ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে ইতিমধ্যে এ অফিস সফটওয়্যার প্যাকেজটি চালু হয়েছে। শিগগিরই আরও ২৯টি ভাষায় এ সেবাটি চালু হবে বলে জানা গেছে। এমন একটি ঘোষণা এল সম্প্রতি শেষ হওয়া অ্যাপলের ওয়ার্ল্ডওয়াই ডেভলপারস সম্মেলন শেষে। এর আগে যখন আইফোনের সিরি অ্যাপলিকেশনের সঙ্গে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং যুক্ত করা হয়েছিল তখনই অনেকেই ধারণা করেছিলেন মাইক্রোসফট এবং অ্যাপল যৌথভাবে আরও বেশ কিছু কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

আইফোনে যুক্ত হওয়ার এ সুবিধার ফলে কম্পিউটারে এসব সফটওয়্যার ব্যবহার করে কাজ করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য যন্ত্রেও সিংক্রোনাইজ হয়ে যাবে। এর ফলে আগ্রহী ব্যবহারকারীরা স্মার্টফোনে সরাসরি অফিসে প্যাকেজের সব কাজই করতে পারবেন। এ ছাড়া কাজের ক্ষেত্রে ব্যবহারকারী যেখানে শেষ করবেন সেখান থেকেই আবার শুরু করার অপশনটি স্মার্টফোন কিংবা কম্পিউটার দুই জায়গা থেকেই ব্যবহার করতে পারবেন। কাজ শেষে সেটি ই-মেইলে করে সহজেই বিভিন্ন জায়গায় পাঠানোও যাবে। তবে শুরুর দিকে শুধু মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল ব্যবহারের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহারের সুবিধা এখনই পাওয়া যাবে না।—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম