অ্যাপলের জনপ্রিয় মুঠোফোন আইফোনের জন্য সার্চ ইঞ্জিন তৈরি করবে অ্যাপল। সম্প্রতি এক গবেষণায় জানা যায়, প্রায় ৭০ শতাংশ আইফোন ব্যবহারকারী মুঠোফোনে কিছু খোঁজার কাজে মুঠোফোনের উপযোগী সফটওয়্যার কিংবা প্রোগ্রাম খোঁজে। আইফোনে স্বয়ংক্রিয়ভাবে সার্চ ইঞ্জিন গুগল থাকলেও সেখানে প্রয়োজনীয় মুঠোফোনের উপযোগী সফটওয়্যার পাওয়া যাচ্ছে না বলে গবেষণায় দেখা গেছে। আগামী পাঁচ বছরের মধ্যে মুঠোফোনের উপযোগী সার্চ ইঞ্জিন তৈরির এ উদ্যোগের ফলে মুঠোফোন ব্যবহারকারীরা সহজে শুধু মুঠোফোনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজে পাবেন। গুগলে খোঁজার ক্ষেত্রে গুগলের তৈরি মুঠোফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড উপযোগী সফটওয়্যার পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে অ্যাপল গুগলের সঙ্গে একটি চুক্তি করার কথাও জানিয়েছে। চুক্তি অনুযায়ী অ্যাপলের প্রোগ্রাম স্টোরে গুগল সফটওয়্যার খোঁজার সুযোগ পাবে এবং অ্যান্ড্রোয়ডের উপযোগী সফটওয়্যারও পাওয়া যাবে। মুঠোফোন সেন্ট্রিক সার্চ ইঞ্জিন নামের আইফোনের এ সার্চ ইঞ্জিনের ফলে গুগল এবং অ্যাপলের উভয়ের জন্যই বিশেষ সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও অ্যাপলের জনপ্রিয় আই-টিউনস স্টোরের নানা প্রোগ্রাম পেতেও সহজ হবে ব্যবহারকারীদের। মোবাইল বিশেষজ্ঞদের মতে, দিনে দিনে প্রযুক্তির উত্কর্ষতার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) ফোনের চাহিদা বাড়ছে। এ ক্ষেত্রে গুগল কিংবা বিং এ মুঠোফোনের জন্য নির্দিষ্ট সার্চ ইঞ্জিন ব্যবস্থা চালু করা উচিত এখনই। সে কাজটিই শুরু করেছে অ্যাপল যা মুঠোফোন ব্যবহারকারীদের জন্য সত্যিই সুখবর। —ইউইক অবলম্বনে নুরুন্নবী চৌধুরী