আইফোনের প্রতিদ্বন্দ্বী গ্যালাক্সি এস৩ মিনি!
স্যামসাং গ্যালাক্সি এস৩ স্মার্টফোনের একটি ছোট সংস্করণ বাজারে আনতে পারে স্যামসাং জার্মানি। ১১ অক্টোবর গ্যালাক্সি এস৩ মিনি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে জার্মানির স্যামসাং অফিস। খবর ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’-এর।প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাংয়ের জনপ্রিয় স্মার্টফোন গ্যালাক্সি এস৩-এর এই ছোট সংস্করণে অ্যান্ড্রয়েড ৪.১ বা জেলিবিন অপারেটিং সিস্টেম, টাচউইজ ইউজার ইন্টারফেস থাকতে পারে। ডুয়েলকোরের প্রসেসরযুক্ত গ্যালাক্সি এস৩ মিনিতে থাকতে পারে চার ইঞ্চি মাপের পর্দা। গ্যালাক্সি এস৩ স্মার্টফোন গত ২৯ মে ইউরোপের বাজারে উন্মুক্ত করে স্যামসাং। ৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.০.৪ । এই স্মার্টফোনে রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই সুবিধা।১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের এই স্মার্টফোনে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, ‘এস ভয়েস’ নামে ভয়েস কন্ট্রোল-প্রযুক্তি।প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, সম্প্রতি বাজারে আসা আইফোন ৫-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্যালাক্সি এস৩ মিনি বাজারে আনছে স্যামসাং।