আইফোনের বিক্রি বাড়ায় অ্যাপলের দ্বিগুণ মুনাফা
প্রত্যাশার চেয়েও বেশি আইফোন বিক্রি হওয়ায় চলতি বছর প্রায় দ্বিগুণ মুনাফা করেছে কম্পিউটার অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। অ্যাপলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে তাদের নিট মুনাফা হয়েছে ৫৯৯ কোটি ডলার, যা গত বছরের নিট মুনাফার প্রায় দ্বিগুণ। এ সময় অ্যাপল এক কোটি ৮৬ লাখ ৫০ হাজার আইফোন বিক্রি করেছে। তবে অ্যাপলের ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড প্রত্যাশার চেয়ে কম বিক্রি হয়েছে। আইপ্যাড বিক্রির সংখ্যা ৪৬ লাখ ৯০ হাজার।অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস এক বিবৃতিতে জানান, ‘আমরা বছরের বাকি সময়গুলোতেও নতুন নতুন উদ্ভাবনের ক্ষেত্রে সর্বশক্তি প্রয়োগ করব।’ তবে আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএস গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান নিয়েলসন গত মাসে এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রে স্মার্ট ফোন ব্যবহারকারীদের কাছে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া ট্যাবলেট পিসির জন্য গুগল অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ হানিকম্ব বাজারে ছেড়েছে। ব্ল্যাকবেরির কানাডীয় নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (আরআইএম) সম্প্রতি প্রথমবারের মতো বাজারে ট্যাবলেট পিসি ছেড়েছে।এদিকে ম্যাকবুক প্রোর উন্নত সংস্করণের অ্যাপলের কম্পিউটার বিক্রি গত বছরের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে। তবে আইপ্যাডের বিক্রি গত বছরের তুলনায় ১৭ শতাংশ কমেছে। —বিবিসি অবলম্বনে আবুল হোসেন