আইফোনের হুমকিতে আগেই এল নোট৪?

নির্ধারিত সময়ের আগেই গ্যালাক্সি নোট স্মার্টফোনের নতুন সংস্করণ নোট৪ বাজারে ছাড়ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং। অ্যাপলের আইফোন৬ বিক্রির রেকর্ড গড়ার খবরের পরপরই গ্যালাক্সি নোট৪ বাজারে ছাড়ার তারিখ এগিয়ে এনেছে স্যামসাং। তিন দিনে এক কোটি ইউনিট আইফোন বিক্রির রেকর্ড গড়েছে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।
স্যামসাং জানিয়েছে, প্রাথমিকভাবে গ্যালাক্সি নোট৪ অক্টোবর মাসে বাজারে আনার কথা থাকলেও দক্ষিণ কোরিয়া ও চীনের বাজারে তা এ সপ্তাহেই চলে আসবে। তবে, বিশ্বের অন্যান্য ১৪০টি দেশে অক্টোবর মাসের শেষনাগাদ এ ফোনটি পাওয়া যাবে। এবারই প্রথম চীনের বাজারে অন্যান্য দেশের আগে স্যামসাংয়ের পণ্য বিক্রি শুরু হচ্ছে।
১৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, পুয়ের্তো রিকো ও সিঙ্গাপুরের বাজারে আইফোন৬ ও ৬প্লাস বিক্রি শুরু হয়। এখনো চীনের বাজারে অ্যাপলের ৪.৭ ও ৫.৫ ইঞ্চি মাপের নতুন আইফোন বিক্রি শুরু হয়নি।
অবশ্য বড় মাপের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মাঝামাঝি আকারের ‘ফ্যাবলেট’ বাজারে আনার ক্ষেত্রে পথপ্রদর্শক স্যামসাংই। ২০১১ সালে গ্যালাক্সি নোট সিরিজের মাধ্যমে ফ্যাবলেটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। তবে স্যামসাংকে চীনা সাশ্রয়ী স্মার্টফোনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। জুলাই মাসের হিসাব অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মূল মুনাফার ২০ শতাংশ কমেছে এবং স্যামসাংয়ের শেয়ারের দাম এখন গত দুই বছরের মধ্যে সবচেয়ে কমেছে।
আজ সিউলে স্যামসাংয়ের মোবাইল ইউনিটের বিপণন বিভাগের প্রধান লি ডন-জু জানিয়েছেন, ‘আমরা এখন সাময়িকভাবে ব্যবসার দিক থেকে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। কিন্তু আমরা আশা করছি, শিগগিরই আমাদের কারিগরি উদ্ভাবন ও মৌলিক সামর্থ্য দিয়ে ঘুরে দাঁড়াব।’

২০১৩ সালে বাজারে আসা নোট৩ দুই মাসে এক কোটি ইউনিটেরও বেশি বিক্রি হয়েছিল। লি বলেন, তিনি আশা করছেন এবার নোট ৪ সেই রেকর্ড ছাড়িয়ে যাবে।
৫.৭ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত নোট৪-এর বিশেষ ফিচার হচ্ছে এর সঙ্গে থাকা এস-পেন, যা দিয়ে স্ক্রিনের ওপর লেখা, আঁকা কিংবা বিভিন্ন কাজ করা যায়। স্টাইলাস পেনের এই সুবিধা আইফোনে নেই।
স্যামসাংয়ের দাবি, এই এস-পেন ‘ইনপুট পদ্ধতি’ হিসেবে অনন্য, যা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান দিতে পারে না।
প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে নোট৪ উদ্বোধন করেছে স্যামসাং। বাংলাদেশে ২৫ সেপ্টেম্বর থেকে এ স্মার্টফোনটির জন্য আগাম ফরমায়েশ (প্রি-বুকিং) দেওয়া যাবে। গ্রামীণফোনের প্লাটিনাম এবং প্লাটিনাম প্লাস গ্রাহকেরা আগাম ফরমায়েশে ৬৭ হাজার ৫০০ টাকায় এটি কিনতে পারবেন। তবে গ্রামীণফোনের গ্রাহক না হলে গ্যালাক্সি নোট৪ কিনতে খরচ হবে ৮০ হাজার টাকা। গ্রামীণফোন সেবাকেন্দ্র এবং স্যামসাং বিক্রয়কেন্দ্র থেকে আগাম ফরমায়েশ দেওয়া যাবে।
স্যামসাং জানিয়েছে, বাংলাদেশের বাজারে অক্টোবরের মাঝামাঝি থেকে এই ফোন হাতে পাবেন ক্রেতারা। চারটি রঙে এ ফোনটি বাজারে আসবে। গ্রামীণফোনের অফারে বিশেষ মূল্যের পাশাপাশি গ্রাহকেরা ফ্রি ইন্টারনেট সেবা পাবেন। ১২ মাসের কিস্তিতেও (ইএমআই) কেনার সুযোগ থাকছে।
বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস ৩ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে গ্যালাক্সি নোট স্মার্টফোনের নতুন সংস্করণ ‘নোট৪’ উন্মুক্ত করেছিল।
ধাতবকাঠামোর স্মার্টফোনটির ডিসপ্লে ৫.৭ ইঞ্চি মাপের। নতুন স্মার্টফোনটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে তা গেমারদের আকর্ষণ করে। এর জন্য স্টাইলাস পেনকে আরও উন্নত করা হয়েছে। বড় স্ক্রিনের সুবিধা নিয়ে যাতে মাল্টিটাস্কিং করা যায়, তার জন্য বেশ কিছু ফিচার এসেছে নোট৪-এ।
স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। বার্লিনে অনুষ্ঠিত আইফা সম্মেলনে নতুন স্মার্টফোন উন্মুক্ত করেন স্যামসাং ইলেকট্রনিকসের বিপণন বিভাগের প্রধান ডিজে লি।