আইবিএমে প্রথম নারী প্রধান নির্বাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) গত মঙ্গলবার তাদের নতুন প্রধান হিসেবে ভার্জিনিয়া রোমেট্টির নাম ঘোষণা করেছে। আইবিএমে এই প্রথম কোনো নারীকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি আগামী ১ জানুয়ারি আইবিএমের দায়িত্ব গ্রহণ করবেন। ৫৪ বছর বয়সী রোমেট্টি প্রতিষ্ঠানটির বর্তমান প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী স্যামুয়েলসনের স্থলাভিষিক্ত হবেন। তবে স্যামুয়েলসন আইবিএমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। রোমেট্টি জিন্নি নামে বেশি পরিচিত। আইবিএম জানায়, রোমেট্টি এত দিন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বেশ সাফল্যের সঙ্গে এই দায়িত্ব পালন করেন। কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যরা রোমেট্টিকে প্রধান নির্বাহী হিসেবে নির্বাচিত করেছেন। নিউইয়র্কভিত্তিক আইবিএমের ১০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী এই শীর্ষ পদে নিয়োগ পেলেন। তিনি হবেন আইবিএমের নবম প্রধান নির্বাহী কর্মকর্তা। বিদায়ী প্রধান নির্বাহী স্যামুয়েলসন এক বিবৃতিতে বলেন, রোমেট্টি আইবিএমের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এক দশক ধরে অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কোম্পানির দ্বিতীয় শতকে তিনি হবেন আদর্শ প্রধান নির্বাহী কর্মকর্তা। অপর এক বিবৃতিতে রোমেট্টি বলেন, স্যামুয়েলসন দূরদৃষ্টিসম্পন্ন একজন নেতা। তাঁর নেতৃত্বে আইবিএম অনেক দূর এগিয়েছে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান