আইবিএমের ১০০ বছর
যুক্তরাষ্ট্রের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) করপোরেশন গত ১৬ জুন ১০০ বছর পূর্ণ করেছে। বাজারে ১৯ হাজার ৭০০ কোটি ডলার পুঁজি বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকার ১৪তম স্থানে রয়েছে। ইউনিভার্সিটি অব মিনেসোটার বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস বিভাগের অধ্যাপক টমাস মিসা বলেন, প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে আইবিএমের ভূমিকা অসাধারণ। পারসোনাল কম্পিউটারের পাশাপাশি বিশ্ববাসীকে অনেক নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। ১৯১১ সালে তিনটি প্রতিষ্ঠান এক হয়ে আইবিএমের জন্ম হয়। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে টেব্যুলেটিং মেশিন কোম্পানি, ইন্টারন্যাশনাল টাইম রেকর্ডিং কোম্পানি ও কম্পিউটিং দেড কোম্পানি অব আমেরিকা। প্রতিষ্ঠানটির নাম দেওয়া হয় কম্পিউটিং-টেব্যুলেটিং-রেকর্ডিং কোম্পানি। তখন এর প্রেসিডেন্ট ছিলেন টমাস ওয়াটসন সিনিয়র। ১৯২৪ সালে নাম বদলে প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম)। পারসোনাল কম্পিউটারের পাশাপাশি সুপার কম্পিউটারও তৈরি করেছে আইবিএম। ডিপ ব্লু নামে আইবিএমের দাবাড়ু সুপার কম্পিউটার ১৯৯৭ সালের মে মাসে বিশ্বখ্যাত দাবাড়ু গ্যারি ক্যাসপারভকে হারিয়ে দিয়েছিল। এ পর্যন্ত আইবিএমের পাঁচজন কর্মী পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন।—এএফপি অবলম্বনে রোকেয়া রহমান