আইবিএমের ১০০০ প্যাটেন্ট এখন গুগলের !
আধুনিক যুদ্ধে প্রয়োজন বিভিন্ন ধরনের বন্দুক, ট্যাংক ও সুপারসনিক যুদ্ধ বিমান। কিন্তু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন ব্যবসায়িক যুদ্ধে জড়িয়ে পড়েছে, তখন তাদের প্রয়োজন প্যাটেন্টের ওপর অধিকার এবং এর মালিকানা। এই প্রযুক্তি ব্যবসা-যুদ্ধের অংশ হিসেবে সম্প্রতি আইবিএমের কাছ থেকে ১,০২৩টি প্যাটেন্ট বিপুলে অর্থের বিনিময়ে হস্তগত করেছে গুগল। তাদের লক্ষ্য প্যাটেন্টের যুদ্ধে বাজার প্রতিদ্বন্দ্বী অ্যাপল, এইচটিসি ও স্যামসাংকে পেছনে ফেলা। কিছুদিন আগেই কিন্তু এই যুদ্ধে গুগল বড় ধরনের হুমকি হয়েছে মটোরোলার মোবাইলফোন প্রস্তুতকারী ইউনিট মটোরোলা মোবিলিটি কিনে নিয়ে। যদিও আইবিএম ও গুগলের মধ্যকার এই প্যাটেন্ট ক্রয়-বিক্রয় চুক্তি পুরোপুরি খোলাসা হয়নি, তারপরেও এই চুক্তি-সংক্রান্তসংবাদের সূত্র কিন্তু প্রতিষ্ঠানদুটির শীর্ষ কর্তারাই। এর আগে জুলাই মাসে গুগল আইবিএমের কাছ থেকেই ১০৩০টি প্যাটেন্ট কিনে নিয়েছিল।মোবাইল ম্যাগাজিন নামের একটি আন্তর্জাতিক প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট এই সংক্রান্ত সংবাদের শেষে একটি মন্তব্য করেছে। তারা বলেছে, এই প্যাটেন্ট যুদ্ধে কারা জয়ী হচ্ছে, বা কারা হারছে তা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এই প্যাটেন্ট লড়াইয়ে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে আইনজীবীরা। এতে ফুলে উঠছে তাদের ব্যাংক ব্যালান্স। অর্জন করছেন দারুণ পেশাদারি অভিজ্ঞতা।