আইসক্রিম আর আড্ডা

মোকা, ভ্যানিলা বা চকলেট—যার যে স্বাদ পছন্দ, মুখ ফুটে জানিয়ে দিন। তারপর বসে পড়ুন চেয়ার টেনে। আড্ডা জমে উঠতেই চলে আসবে পছন্দের আইসক্রিম। নিউজিল্যান্ডের ব্র্যান্ড নিউজিল্যান্ড ন্যাচারাল সম্প্রতি শাখা খুলল বাংলাদেশে। এখন থেকে ঢাকায় বসেই পাবেন তাদের আইসক্রিমের স্বাদ। ৮ আগস্ট চালু হলো এর প্রথম শাখা।

আর নিউজিল্যান্ডের এই আইসক্রিম বাংলাদেশে নিয়ে এসেছে প্যানোপ্লি ফুডস লিমিটেড। উদ্বোধনের পর থেকেই এখানে আইসক্রিমপ্রেমীদের দেখা মিলছে সকাল থেকে রাত অবধি। ২০টির বেশি স্বাদের মজার আইসক্রিম পাওয়া যাবে এখানে। প্যানোপ্লি ফুডস লিমিটেডের চেয়ারম্যান শফিউল সালেহ বলেন, ‘আমরা চেয়েছি কোনো ধরনের ক্ষতিকর পদার্থ ছাড়া সরাসরি প্রকৃতি থেকে সংগৃহীত উপাদানে তৈরি আইসক্রিম উপহার দিতে। আমাদের আইসক্রিম তৈরি হয় নিউজিল্যান্ডে, যাদের আইসক্রিমের খ্যাতি পৃথিবীজোড়া।’

তরুণ চার বন্ধুর গড়ে তোলা এই আইসক্রিমের দোকানে আরও পাওয়া যাবে স্মুদি মিল্ক শেক, আইসড ড্রিংকস, সানডে ও কফি। এক হাজার ৮০০ বর্গফুটের এই দোকানে আড্ডা দিতে দিতেই খেতে পারবেন নানা স্বাদের আইসক্রিম। প্রতি স্কুপ আইসক্রিম পাওয়া যাবে ২৫০ টাকায়, দুই স্কুপের দাম পড়বে ৩৫০ টাকা। এ ছাড়া তিন স্কুপের আইসক্রিম খেতে পাবেন ৬৫০ টাকায়। ঢাকার বনানীর ১১ নম্বর সড়কের সি ব্লকের ১০০ নম্বর বাড়ির দোতলায় দেখা মিলবে এই দোকানের।