আইসক্রিম স্যান্ডউইচ নতুন অ্যান্ড্রয়েড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্ট ফোনের জন্য গুগলের তৈরি মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এখন দুনিয়া মাতাচ্ছে। সম্প্রতি স্মার্ট ফোন নিয়ে পরিচালিত বেশ কিছু জরিপে এমনটাই দেখা যাচ্ছে। আর অ্যাপলের তৈরি অপারেটিং সিস্টেম আইওএসের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে তাই গুগল নিয়মিত নতুন নতুন সুবিধা যুক্ত করছে এতে। চলতি বছরের অক্টোবর কিংবা নভেম্বর মাসেই অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ আসছে বলে জানা গেছে। সম্প্রতি সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ড্রিমফোর্স শীর্ষক ক্লাউড কম্পিউটিং সম্মেলনে গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক শডিমিট নতুন অ্যান্ড্রয়েডের ঘোষণা দেন। তিনি বলেন, ‘অক্টোবর বা নভেম্বরেই আমরা আইসক্রিম স্যান্ডউইচ নামে পরিচিত অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ বাজারে ছাড়ব।’ নতুন এই সংস্করণে বিশেষ চমক থাকছে বলে উল্লেখ করেন তিনি। অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ নামের এই সংস্করণ কাজ করবে অনেকটা সর্বজনীন অপারেটিং সিস্টেম (ওএস) হিসেবে। অর্থা ৎ এই সংস্করণ স্মার্ট ফোন, ট্যাবলেট ও টিভিতে ব্যবহার করা যাবে। নতুন এ অপারেটিং সিস্টেম আসার পর ওএসচালিত ফোনগুলো তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে বলে মনে করছেন বাজার-বিশেষজ্ঞরা। তাঁদের মতে, স্যামসাং, মটোরোলাসহ বিখ্যাত সব মোবাইল ফোননির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ড্রোয়েডচালিত ফোন বাজারে ছাড়ছে, যা ব্যবহারকারীদের পছন্দের তালিকার শীর্ষেই থাকছে। সর্বজনীন এই ওএস ব্যবহারকারীদের আরও আগ্রহী করে তুলবে বলে মত তাঁদের। —টাইমস অব ইন্ডিয়া