আইসক্রিম স্যান্ডউইচে গুগল ক্রোম
ডেস্কটপ কম্পিউটারের জন্য তৈরি সফটওয়্যারগুলোকে ক্রমেই মোবাইল ডিভাইসে নিয়ে আসছে গুগল। অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসের জন্য সাম্প্রতিক গুগল ক্রোম ব্রাউজার এর একটি উদাহরণ। এখন থেকে গুগলের অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচচালিত ডিভাইসে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করা যাবে।২০০৮ সালে ক্রোম ব্রাউজারটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল গুগল। এবার গুগল কর্তৃপক্ষ ক্রোম ব্রাউজারটি আইসক্রিম স্যান্ডউইচচালিত ট্যাবলেট এবং মোবাইলের অ্যাপ্লিকেশন হিসেবে নিয়ে এল। গুগলের ক্রোম ও অ্যাপ্লিকেশন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর তাঁর এক ব্লগ পোস্টে এ তথ্য দিয়েছেন বলেই জানিয়েছে সিনেটসহ প্রযুক্তিবিষয়ক বেশ কয়েকটি ওয়েবসাইট।সুন্দর বলেছেন, ডেস্কটপ ব্রাউজারের মতো মোবাইলেও দ্রুত ব্রাউজিং সুবিধা যোগ করবে ক্রোম। ডেস্কটপের মতোই ট্যাব এবং সার্চ-সুবিধাও থাকছে আইসক্রিম স্যান্ডউইচের ক্রোম অ্যাপ্লিকেশনে।এদিকে মোবাইলের জন্য গুগল ক্রোম ব্রাউজার ফ্ল্যাশ সমর্থন করবে না বলেই জানিয়েছে অ্যাডোবি।