আইসিএএনএনে নতুন ডোমেইন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইটের ঠিকানায় ডোমেইন নাম হিসেবে ডট কম, ডট ওআরজি ইত্যাদির পাশাপাশি এখন আরেকটি নাম যুক্ত হতে যাচ্ছে। নতুন এই ডোমেইন নাম হচ্ছে ডট এক্সএক্সএক্স। ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারসের (আইসিএএনএন) পরিচালনা পর্ষদ গত শুক্রবার এই ডোমেইন নামটি অনুমোদন করে। মূলত পর্নো ওয়েবসাইটগুলোর ঠিকানার জন্য এই ডোমেইন নাম ব্যবহার করা হবে। আইসিএএনএন বিভিন্ন ওয়েব ঠিকানার ডোমেইন নাম অনুমোদন করে থাকে। পর্নো ওয়েবসাইটগুলো দীর্ঘ প্রায় এক দশক ধরে এ রকম একটি ডোমেইন নামের জন্য দাবি জানিয়ে আসছিল। অবশেষে তাদের চাওয়া পূরণ হলো। তবে কিছু পর্নো ওয়েবসাইট কর্তৃপক্ষ বলছে, এ ধরনের ডোমেইন নাম থাকার ফলে সহজেই বোঝা যাবে যে ওয়েবসাইটটিতে পর্নো বা অশ্লীল বিষয়বস্তু রয়েছে। এর ফলে সরকার সহজেই এসব ওয়েবসাইট শনাক্ত করতে এবং বন্ধ করে দিতে পারবে। এদিকে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী বলছে, এই ডোমেইন নাম অনুমোদন দেওয়ার মধ্য দিয়ে পর্নো ওয়েবসাইটগুলোকে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেওয়া হলো। আইসিএএনএন জানায়, এক লাখ ১০ হাজার ওয়েবসাইট ডট এক্সএক্সএক্স ডোমেইন নাম পাওয়ার জন্য আবেদন করে রেখেছে। ২০০৫ সালে আইসিএএনএন একবার এই ডোমেইন নামের অনুমোদন দিয়েছিল। কিন্তু সে সময় বিভিন্ন রক্ষণশীল রাজনৈতিক দলের আপত্তির মুখে তা বাতিল হয়ে যায়। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান