বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার (বিআইআইসি) ও প্রাণন লিমিটেড যৌথভাবে খুলনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উদ্যোক্তাদের জন্য ইনকিউবেটর চালু করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি বিআইআইসির চেয়ারম্যান এম সাবির আহমেদ প্রাণন লিমিটেডের প্রধান নির্বাহী নাহিদুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগের সম্মতিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিআইআইসির ব্যবস্থাপনা পরিচালক সুফি ফারুক ইবনে আবুবকর, এয়ারটেলের প্রধান তথ্য কর্মকর্তা লুৎফর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত পেশাজীবীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। শিক্ষাজীবন শেষ করে পূর্ণকালীন ফ্রিল্যানসার হিসেবে অনেকেই আত্মপ্রকাশ করছেন। কেউ কেউ আউটসোর্সিংকে ভিত্তি করে প্রতিষ্ঠান তৈরি করছেন। এ খাতে সাহায্য করার উদ্দেশ্য নিয়েই কাজ করবে প্রাণন আউটসোর্সিং ইনকিউবেটর। প্রাথমিক পর্যায়ে খুলনা মহানগরে এই আউটসোর্সিং ইনকিউবেটর প্রকল্পের কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩৬ জন উদ্যোক্তা কাজ করবেন। ইনকিউবেটরে উদ্যোক্তাদের আউটসোর্সিং সম্পর্কে প্রয়োজনীয় কৌশলগত প্রশিক্ষণসহ যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, বিপণন ধারণা, আয় বৃদ্ধির কৌশল ইত্যাদি বিভিন্ন বিষয় শেখানো হবে। —নিজস্ব প্রতিবেদক