আইসিটি এক্সপো ২০১৫ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিটি এক্সপো ২০১৫ উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
আইসিটি এক্সপো ২০১৫ উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

আজ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দেশের তথ্যপ্রযুক্তির মেলা বাংলাদেশে আইসিটি এক্সপো ২০১৫। ‘মিট ডিজিটাল বাংলাদেশ’ আহ্বানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন দিনের মেলা ও প্রদর্শনী উদ্বোধন করেন। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ উদ্বোধন অনুষ্ঠানে বলেন, আইসিটি এক্সপো ২০১৫ দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে। ডিজিটাল বাংলাদেশ ও ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। ইতিমধ্যে প্রযুক্তি খাতকে দেশের সবার অংশগ্রহণ নিশ্চিত করতে জনগণকে আইটি সম্পর্কে ধারণা দিতে সরকার বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, বিসিএসের সহ-সভাপতি ও প্রদর্শনীর আহ্বায়ক মজিবুর রহমান স্বপন প্রমুখ।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তি শিল্পের টেকসই উন্নয়ন ও সম্ভাবনার প্রতিচিত্র তুলে ধরতেই আমরা এবার ভিন্নমাত্রায় আয়োজন করেছি বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা ও দক্ষতা উপস্থাপনের অনন্য ক্ষেত্র হবে এই এক্সপো। বিশেষ করে হার্ডওয়্যার ও ম্যানুফ্যাকচারিং খাতে অসীম সম্ভাবনা কর্মপ্রচেষ্টা ও রূপকল্পকে নান্দনিক ভাবে উপস্থাপন করবে এই প্রদর্শনী।
আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, দেশীয় তথ্য প্রযুক্তি পণ্য ও সেবার সর্ববৃহৎ আয়োজন আইসিটি এক্সপো-২০১৫। তথ্য প্রযুক্তির অত্যাধুনিক পণ্য ও সেবার উপস্থাপন, উৎপাদক, বিক্রেতা-ক্রেতার মতবিনিময়, বিশেষজ্ঞ ব্যবহারকারীর মিথস্ক্রিয়া, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে জনসচেতনতা বৃদ্ধি ও ব্যাপক বেচাকেনার অবারিত সুযোগ এনে দেবে এ আয়োজন।

বিসিএসের সহ-সভাপতি ও প্রদর্শনীর আহ্বায়ক মজিবুর রহমান স্বপন বলেন, আইসিটি এক্সপোতে ইনোভেশন জোন থাকবে। সেখানে নবীনদের নানা উদ্ভাবন প্রদর্শিত হবে। এ ছাড়া গেমিং প্রতিযোগিতা, রোবট শো, সেলিব্রিটি শো হবে এই জোনে।
আইসিটি মেলায় যত ছাড় ও উপহার

মেলায় তিন দিনে বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যার মধ্যে ডিজিটাল ই-হেলথ, হার্ডওয়্যার: চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড, ক্লাউড কমিপউটিং: দ্য ফিউচার, পাওয়ার ব্যাকআপ সলিউশন, ফিউচার টেকনোলজি, ট্রান্সফরমিং এডুকেশন টু ডিজিটাল, আইসিটি ফর বেটার ম্যানেজমেন্টসহ আরও নানা বিষয়ে সেমিনার। যেখানে দেশি-বিদেশি বিভিন্ন স্বনাম খ্যাত তথ্য প্রযুক্তিবিদগণ আলোচক হিসেবে অংশ নেবেন। প্রদর্শনী চলাকালে ইনোভেশন প্রজেক্ট চ্যাম্পিয়নশিপ, ডিজিটাল ফটো কনটেস্ট, সেলফি কনটেস্ট, গেমিং কনটেস্ট, সেলিব্রেটি শো, প্রোডাক্ট শো, স্পনসর আওয়ার নামের নানান সেশন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫ কে আরও প্রযুক্তি নির্ভর করতে তৈরি হয়েছে আইসিটি এক্সপো ২০১৫ নামের মোবাইল অ্যাপ। মেলার বিস্তারিত এই অ্যাপ থেকে জানা যাবে।

একনজরে মেলা
মেলার নাম: বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫
আয়োজক: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি।
মেলার সময়সূচি: ১৫ থেকে ১৭ জুন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা।
স্টল ও প্যাভিলিয়ন: সরকারের সাতটি স্টল ও একটি প্যাভিলিয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের সেবা দেখানো হবে। বেসরকারি প্রতিষ্ঠানের স্টল ৬০টি। এর মধ্যে ৩৩টি প্যাভিলিয়ন।
সেমিনার: ১০টি।
ফোরাম: ভবিষ্যৎ উদ্যোক্তা ফোরাম হবে ১৬ জুন।
প্রতিযোগিতা: উদ্ভাবনী প্রকল্প চ্যাম্পিয়নশিপ, ডিজিটাল ফটো প্রতিযোগিতা, সেলফি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গেম প্রতিযোগিতা।
বিশেষ আয়োজন: তারকাদের নিয়ে অনুষ্ঠান।
বিনা মূল্যে ওয়াই-ফাই সংযোগ থাকছে।
পৃষ্ঠপোষক: ডেল, এইচপি, কনিকা মিনোল্টা, মাইক্রোল্যাব, প্রোলিংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড।
অংশীদার: বেসিস, আইএসপিএবি ও সিটিও ফোরাম।  গণমাধ্যম অংশীদার: এটিএন বাংলা, দৈনিক সমকাল ও রেডিও টুডে