আইসিটি খাতে আধুনিক প্রযুক্তি যোগ করার উদ্যোগ
দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে আরও আধুনিক সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এরিকসন। গতকাল সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানায় এরিকসন। সম্মেলনে বাংলাদেশের আইসিটি খাতে পিসিএস (পার্সোনাল কম্পিউটার সার্ভার) এবং থ্রিজি/এইচএসপিএ মোবাইল ব্রডব্যান্ড নেটয়ার্কের স্থাপন ও প্রসারের কথা বিশেষভাবে বলেন এরিকসন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পার-হেনরিক নেলসন।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল নেটওয়ার্ক চালু হলে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে। সঙ্গে সঙ্গে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আসা মানুষের সংখ্যাও বাড়বে। এই নেটওয়ার্ক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ জনবলের দরকার হবে। ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের আইসিটি ক্ষেত্রের উন্নতি ঘটবে। এ ছাড়া বর্তমানে টুজি বা ২.৫জি প্রযুক্তির চেয়ে থ্রিজি প্রযুক্তির এইচএসপিএ নেটওয়ার্ক সিস্টেমের গতি বেশি বলে গ্রাহকদের জন্য ব্যবহারে তা বাড়তি সুবিধা যোগ করবে। ফলে ফ্রি সোর্সিং অথবা ফ্রি নেটওয়ার্কিংয়ের দিকে মানুষের দৃষ্টি যাবে, যা বর্তমান সরকারে ডিজিটাল বাংলাদেশ গড়তে অনেকাংশেই সাহায্য করবে। এ কারণে দেশে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহারের সম্ভাবনাও দেখা দেবে। তবে দুটি বিষয়ের দিকে বিশেষভাবে উল্লেখ রাখতে হবে বলে সম্মেলনে বলা হয়। এক. নিরবচ্ছিন বিদ্যুৎ সরবরাহ এবং সব সময় বিশ্বের যেকোনো প্রান্তে যোগাযোগ রক্ষার জন্য নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা।এই দুটি বিষয় নিশ্চত করতে পারলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা ৫০ থেকে ৬০ লাখ বাড়বে, যা দেশের আর্থসামাজিক ও প্রযুক্তিগত দিক থেকে একটি বিশাল মাইলফলক হবে বলে এরিকসন মনে করে। —তাসবির শাতিল