আইসিটি নীতিমালার পরিমার্জন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল সনাতন কার্যপদ্ধতির কম্পিউটারায়নের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছনো সম্ভব হবে না। এ জন্য সরকারের সরকারের কাজ করার পদ্ধতিরও পরিবর্তন করতে হবে—সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের আইসিটি ফোকাল পয়েন্টের উদ্দেশে এ কথা বলেছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে জাতীয় আইসিটি নীতিমালা-২০০৯ এর অন্তর্ভুক্ত কর্মপরিকল্পনার বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনাসংক্রান্ত কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিসিসির নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জাব্বার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি হাবীবুল্লাহ করিম। কর্মশালায় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের কৌশল শীর্ষক দুইটি উপস্থাপনা তুলে ধরেন বিসিসির সচিব এনামুল কবির ও আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। জানা গেছে, স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনার বেশকয়েকটি ইতিমধ্যে অর্জিত হয়েছে এবং বেশ কিছু চলমান। তবে কিছু কিছু কর্মপরিকল্পনায় বাস্তবায়নকারী হিসেবে একাধিক সংস্থার উল্লেখ থাকলেও প্রাথমিক এজেন্সি না থাকায় সেগুলোর বাস্তবায়নে সমস্যা হচ্ছে। কর্মঅধিবেশনে ৫৬ জন ফোকাল পয়েন্ট চারটি গ্রুপে ভাগ হয়ে ৩০৬টি কর্মপরিকল্পনার মূল্যায়ন ও পরিমার্জনের সুপারিশ করেন। উল্লেখ্য, ২০০৯ সালের জুলাইয়ে সরকার আইসিটি নীতিমালা গ্রহণ করে, যাতে প্রতিবছর কর্মপরিকল্পনাগুলো পর্যালোচনা ও পরিমার্জনের উল্লেখ রয়েছে। —নিজস্ব প্রতিবেদক