আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে বেসিসের নতুন কমিটির সভা
স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিং, পলিসি সহায়তা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে যৌথভাবে কাজ করবে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ (আইসিটি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল রোববার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের সঙ্গে বেসিসের নবনির্বাচিত কমিটির এক মতবিনিময় সভা হয়। সভায় একসঙ্গে কাজ করার পাশাপাশি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের কথাও বলা হয়।
সভায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে গত এক যুগে তথ্যপ্রযুক্তিনির্ভর স্বল্পোন্নত দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেসিস। আর সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমে সুযোগ তৈরি করে দিয়েছে। সরকার তথ্যপ্রযুক্তিকে বর্ষপণ্য ঘোষণার মাধ্যমে এ খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেসিসকে সঙ্গে নিয়ে দক্ষ মানবসম্পদ তৈরি, নীতিমালা তৈরি ও সংশোধন, প্রযুক্তি ও উদ্ভাবন, বিনিয়োগ ও সমন্বয়—এই পাঁচটি বিষয়ে কাজ করা হবে। প্রতিমন্ত্রী জানান, করপোরেট কর মওকুফের সময়সীমা ২০৩০ পর্যন্ত বর্ধিত করার দাবি অর্থমন্ত্রীকে জানানো হবে।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতকে সরকার অনেক গুরুত্ব দিচ্ছে। এ খাত ঘিরে সরকারের যেসব উদ্যোগ আছে, সেখানে বেসিসসহ তথ্যপ্রযুক্তি খাত অগ্রণী ভূমিকা রাখতে পারে। এটি সুযোগ ও সম্ভাবনার পাশাপাশি একটি গুরুদায়িত্বও। বেসিস সরকারের সঙ্গে যৌথভাবে সেই দায়িত্ব পালনের মাধ্যমে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করবে।
মতবিনিয়ম সভায় আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. খায়রুল আমীন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী, এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মো. হুমায়ুন কবির, ইডিজিই প্রকল্প পরিচালক ও উপসচিব মো. মেহেদী হাসান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজাউল মাকছুদ, বেসিসের সিনিয়র সহসভাপতি সামিরা জুবেরি, সহসভাপতি আবু দাউদ খান, ফাহিম আহমেদ, পরিচালক আহমেদুল ইসলাম বাবু, মুশফিকুর রহমান, তানভীর হোসেন খান, মোস্তাফিজুর রহমান, রাশাদ কবিরসহ প্রমুখ।