আইসিটি বিভাগ এবং বিবিএসের তথ্যের মধ্যে গরমিল
‘বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৪০ লাখ। প্রতিবছর প্রায় ১ কোটি নতুন ব্যবহারকারী যোগ হচ্ছে। শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও বেড়েছে ইন্টারনেট ব্যবহারের হার।’ গতকাল বুধবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে সর্বস্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সম্প্রতি ‘ব্যক্তিক পর্যায়ে এবং গৃহকর্মে তথ্যপ্রযুক্তির ব্যবহার-২০১৩’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের রপ্তানি আয় ১০ কোটি ডলার। এই খাতে দুই হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী মাত্র দেড় কোটি।
বিবিএসের প্রতিবেদনে ভুল তথ্য দেওয়া হয়েছে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘পরিসংখ্যান ব্যুরোর তথ্য হালনাগাদ করা হয়নি। আইসিটি বিভাগের সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের যে গরমিল, তাতে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে।’ প্রতিবছর ৫০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ বার্ষিক ৩০ কোটি ডলার আয় করছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিবিএসের মহাপরিচালক আবদুল ওয়াজেদ বলেন, ‘বিবিএসের ভুলত্রুটি নিয়ে আলোচনা করা দরকার। তবে আমরা যেটা করি সেটা হলো, তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে আগে কী অবস্থা ছিল আর এখন কী আছে, তা তুলে ধরা।’ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএসের পরিচালক কবীর উদ্দীন আহমেদ। এতে আরও বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব শ্যামসুন্দর সিকদার ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।